পীরগঞ্জে ভিন্ন রকম প্রতিমা বিসর্জন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ অক্টোবর বিকেল পাঁচটা। লাঠিতে ভর দিয়ে থুর থুর করে হেঁটে সাগুনী ব্রিজ পেরিয়ে সুলতানপুরের দিকে যাচ্ছিলেন অশীতিপর বৃদ্ধা সৈতন বেওয়া। সঙ্গে ছিল তাঁর নাতি সুবেন রায় (১৪)। কোথায় গিয়েছিলেন জিজ্ঞেস করতেই বৃদ্ধা বললেন, ‘মসলন্দপুর গেইচিনু (গিয়েছিলাম) দেবী ডুবাবা (নদীর জলে দেবী ডোবাতে)।’ এভাবে সেদিন ভালো লাগার স্বাদ নিয়ে হিন্দুধর্মের হাজার হাজার আবালবৃদ্ধবনিতা হেঁটে, ভ্যানে চড়ে, সাইকেলে, ভটভটিতে চড়ে দলে দলে ঘরে ফেরার দৃশ্য ছিল মনে রাখার মতো। ওই দিন শেষ হয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মসলন্দপুর প্রতিমা বিসর্জন ঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের ভিন্ন স্বাদের প্রতিমা বিসর্জন উৎসব। এদিন পীরগঞ্জ, বোচাগঞ্জ, রানীশংকৈল, কাহারোল, বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন শতাধিক প্রতিমার সারিবদ্ধ সন্নিবেশ এবং আনুষ্ঠানিকভাবে টাঙ্গন নদীতে প্রতিমা বিসর্জন দিতে বিভিন্ন এলাকা থেকে সমাগত হয় হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী। জানা গেছে, পীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে বিজয়া দশমীর বদলে একাদশী তিথিতে এ বিসর্জন উৎসব আয়োজিত হয়ে আসছে ১৯৯৭ সাল থেকে। দিন দিনই এ বিসর্জন উৎসবের প্রসার ঘটছে এবং নিজ নিজ এলাকায় দুর্গাপূজা শেষে একাদশী তিথিতে পীরগঞ্জের মসলন্দপুর টাঙ্গন নদীর পাড়ে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষের সমাগম এখন একটি ঐতিহ্যবাহী মিলন-উৎসবে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, দিনভর এ আনন্দঘন কোলাহলপূর্ণ মুখরিত পরিবেশ। সকাল থেকেই বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন সাজে সজ্জিত ভক্তরা নেচে নেচে নিজ নিজ এলাকা থেকে প্রতিমা বহন করে আনতে থাকেন। নাচে, গানে, আনন্দে একাকার হয়ে যাওয়া আনুমানিক ২৫ হাজারেরও অধিক মানুষের পদভারে প্রকম্পিত হয়ে ওঠে টাঙ্গন-মসলন্দপুর বিসর্জন ঘাটের দেড় কিলোমিটার এলাকা। কয়েক দিন আগে থেকেই চলছিল প্রস্তুতি। বিসর্জনমঞ্চ তৈরি, সাইকেল-মোটরসাইকেল স্ট্যান্ড, পানীয় জল সরবরাহ করা হয়। বসানো হয় মিষ্টি, পুতুল ও নানা রকম খেলনার দুই শতাধিক দোকান। আয়োজন ছিল নাগরদোলাসহ বিভিন্ন প্রকার বিনোদনেরও।আনুষ্ঠানিকভাবে বিসর্জন উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজউদ্দীন আহমেদ। বিসর্জনমঞ্চে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ইমদাদুল হক, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ইসাহাক আলী, মো. মুনিরউদ্দীন, ওয়াজেদ আলী সরকার এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলার নেতারা। সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় বলেন, ‘এ প্রতিমা বিসর্জন উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের সৌহার্দ্য, ভাতৃত্ব এবং মিলনের প্রতীক—আমরা এ ধারাটি যুগ যুগ টিকিয়ে রাখতে চাই।’