পীরগঞ্জে ভেজাল কীটনাশকের ছড়াছড়ি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বিভিন্ন কীটনাশকের দোকানে ব্যাপক হারে ভেজাল কীটনাশক বিক্রি হচ্ছে। লোহাগাড়া, হাজিপুর বোর্ডহাট, জাবরহাট, বৈরচুনা ও পীরগঞ্জ পৌর এলাকার একাধিক দোকানে ভেজাল কীটনাশক বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভেজালের কারণে চাষিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং প্রতারিত হয়েছেন অনেক চাষি। তাঁরা এখন কীটনাশক কিনতে রীতিমতো ভয় পাচ্ছেন।একাধিক চাষির আশঙ্কা, একটি ভেজাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় ভেজাল চক্রের সঙ্গে হাত মিলিয়ে চোরাই পথে ভেজাল কীটনাশক এনে নামীদামি কোম্পানির মোড়কে প্রকাশ্যে বিক্রি করে চলেছেন। ‘৩৯০ টাকায় তিন প্যাকেট বাসুডিন কিনে ধানবাড়ি ছিটাহেনে চার-পাঁচ দিন পর দেখেছু, ধান গাছত পোকা আরও বাড়ে গিচে। বিষ দেহেনে কোনো কামই হয়নি। এলা বুঝি কিনিবার সময় বিষলা খায় দেখিবা হবে।’ জনগাঁও গ্রামের চাষি বিজয় কুমার রায় আক্ষেপ করে এভাবেই কথাগুলো বললেন। তিনি পীরগঞ্জ পৌর শহরের লাছি ব্রিজের পাশের মশিউর রহমানের খুচরা কীটনাশকের দোকান থেকে গত ১৮ আগস্ট তিন প্যাকেট দানাদার বাসুডিন কিনে পোকায় আক্রান্ত আমন খেতে ছিটিয়েছিলেন।সিনজেন্টা কোম্পানির নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামে বাসুডিনের প্যাকেট বিক্রি করে আসছিলেন ওই মশিউর রহমান। সিনজেন্টা কোম্পানির স্থানীয় ডিলার এনামুল কবীর জানান, তিনি তাঁর তালিকাভুক্ত খুচরা বিক্রেতাদের কাছে প্রতি কার্টন বাসুডিন (এক কেজির ১০ প্যাকেট) এক হাজার ৮০০ থেকে এক হাজার ৮৫০ টাকায় বিক্রি করেন, যেখানে এক কেজি বাসুডিনের খুচরা বিক্রয় মূল্য ১৯০ টাকা। তিনি বলেন, খুচরা বিক্রেতা মশিউর রহমান এক কেজির বাসুডিনের প্যাকেট মাত্র ১৩০ থেকে ১৩৫ টাকা দরে বিক্রি করছেন কীভাবে, তা খতিয়ে দেখা দরকার। পীরগঞ্জ পৌর শহরের কয়েকজন দোকানদার বলেন, ‘আমরা সঠিক দামে খাঁটি কীটনাশক বিক্রি করছি। অথচ দাম কম পেয়ে চাষিরা মশিউর রহমানের দোকানে হুমড়ি খেয়ে পড়ছেন।’সিনজেন্টা কোম্পানির ঠাকুরগাঁও সিনিয়র মার্কেটিং অফিসার আবু বকর সিদ্দিক বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে ভেজাল কীটনাশক বিক্রি হওয়ার কথা আমি শুনেছি। এ ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে কৃষি বিভাগের কর্মকর্তাদের ওপর নির্ভরশীল।’পীরগঞ্জের মেসার্স জুলফিকার ট্রেডার্সের মালিক মো. মশিউর রহমান বলেন, ‘আমি দিনাজপুরের পঁচিশ মাইল নামক জায়গার একটি দোকান থেকে প্রতি কার্টন বাসুডিন এক হাজার ৩৫০ টাকা দরে কিনে বিক্রি করছি। কম দামে পাওয়ার কারণে দুই টাকা লাভের আশায় আমি ওই জায়গা থেকে বাসুডিন এনেছি।’