পীরগঞ্জে সড়কে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ
এলজিইডির দ্বিতীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গোগর আরএইচডি থেকে মাহেরপুর জিসি (টাঙ্গন নদীর ঘাট) পর্যন্ত নির্মাণাধীন সড়কের পীরগঞ্জ উপজেলার দানাজপুর এলাকায় নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারের অভিযোগ তুলেছে স্থানীয় জনসাধারণ।প্রত্যক্ষদর্শীরা জানান, দানাজপুর নারিপুকুর তেমাথা মোড় থেকে সাকোয়ার পুল এবং দানাজপুর স্কুল হয়ে প্রায় দুই কিলোমিটার নির্মিত সড়কে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। সবচেয়ে নিম্নমানের কাজ হয়েছে নারিপুকুর, সাকোয়ার পুলসহ আশপাশের এলাকায়। ওই সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার ১৫ দিন না যেতেই কার্পেটিং উঠে যাচ্ছে। পীরগঞ্জ এলজিইডি সূত্রে জানা গেছে, এডিবি, ডিএফআইডি, কেএফডব্লিউ এবং জিওবির অর্থানুকূল্যে পাঁচ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে গোগর আরএইচডি থেকে মাহেরপুর জিসি (টাঙ্গন নদীর ঘাট) পর্যন্ত ছয় দশমিক ৮৭৫ কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। এ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে এলজিইডি। গত ৮ ডিসেম্বর কাজ শুরু করা হয়।গত ১ জুন দানাজপুর গ্রামের রবিন চন্দ্র রায় বলেন, ‘আঙুল দেহেনে গুতালেই রাস্তার পাথর আলকাতরা (বিটুমিন) উঠে যাহা, এত খারাপ কাম হচে কিন্তুক কেহ কিছু কহে না।’ সেনগাঁও গ্রামের আবদুুল হক বলেন, ‘আমি সাইকেলে অনেকবার এ রাস্তা দিয়ে গেছি, ইঞ্জিনিয়ারের চোখের সামনেই নিম্নমানের কাজ হচ্ছে অথচ তাঁরা কিছুই বলেন না, এ সড়ক ছয় মাস টিকবে কি না সন্দেহ।’ওই সড়কের সাকোয়ার সেতু নির্মাণ শেষ হওয়ার কয়েক দিনের মাথায় এতে ফাটল দেখা দেয়। স্থানীয় ব্যক্তিরা জানান, সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার পর দেখা যায় এর উত্তর পাশের সাইড বিমে ফাটল ধরেছে। এই সড়ক নির্মাণের দায়িত্বে উপসহকারী প্রকৌশলী শাহাদত হোসেন বলেন, ‘রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে শুনেছি, কার্পেটিং শক্ত হতে বেশ কিছুদিন সময় দরকার। সেতুর ওই ফাটল কোনো ক্ষতি করবে না।’