পীরগঞ্জের কালিয়াগঞ্জ-ঘিডোব রাস্তার নাজুক অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভ্যানওয়ালা ভাই, ভ্যানটা স্লো করেন, কাদা ছিটকা আমাগো কাপড় নষ্ট হইব।’ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কালিয়াগঞ্জ-ঘিডোব রাস্তা দিয়ে উজ্জলকোঠা বিদ্যালয়ের দিকে আসার সময় চলন্ত ভ্যানগাড়ির চালককে লক্ষ্য করে ১৫-২০ গজ দূর থেকে হাত উঁচিয়ে কথাগুলো বলল কয়েকজন শিক্ষার্থী। ওই রাস্তা দিয়ে চলাচলকারীদের নিত্যদিনের দুর্ভোগের চিত্র এটি।পীরগঞ্জ উপাজেলার খনগাঁও ইউনিয়নের চাঁদপুর-ঘিডোব রাস্তার কালিয়াগঞ্জ থেকে ঘিডোব পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই শোচনীয়। এলাকাবাসী জানান, পীরগঞ্জ উপজেলার কালিয়াগঞ্জ-ঘিডোব রাস্তাটি কালিয়াগঞ্জ, রাঙালিকুড়া, রাঘবপুর, বগড়াদারা ব্রিজ, হাড়িপুকুরী, ঘিডোব দক্ষিণপাড়া, শান্তিনগর ও উত্তরপাড়া হয়ে টাঙ্গন নদীর সেতু হয়ে ঠাকুরগাঁও জেলার সঙ্গে মিশেছে। এসব গ্রামের অসংখ্য নারী-পুরুষ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ী, কৃষক এ কালিয়াগঞ্জ-ঘিডোব রাস্তা দিয়ে পীরগঞ্জ উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকেন। রাস্তার দুরবস্থার কারণে এসব গ্রামের ২০ সহস্রাধিক মানুষের জীবনযাত্রায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এলাকার মানুষ দীর্ঘদিন থেকে আবেদন-নিবেদন জানিয়ে আসছে কিন্তু রাস্তাটি পাকাকরণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সমস্যা চরমে উঠেছে এ রাস্তার ওপর দিয়ে প্রতিদিন ৪০-৫০ বার বালু ভর্তি ট্রাক্টরের যাতায়াতের কারণে। প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গন নদী থেকে বালু তুলে এবং টাঙ্গন নদীর বিধৌত এলাকায় দুটি মুরগির খামারে মালামাল পরিবহনকারী শতাধিক ট্রাক্টর এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। ফলে রাস্তার যত্রতত্র বিপজ্জনক খালের সৃষ্টি হয়েছে। উজ্জলকোঠা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা ঘিডোব গ্রামের সাঈদা আক্তার জানান, রাস্তায় কাদা জমেই থাকছে। ওই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে রিকশা-ভ্যানে যাতায়াত করা কষ্টকর, হেঁটেও চলাচল বিপজ্জনক। এ সময় ঘিডোব থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত তিন মাইল পথের জন্য রিকশা-ভ্যান ১৫ টাকার স্থলে ১০০ টাকার কম ভাড়ায় আসতে চায় না। খনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমজাদ হোসেন বলেন, ‘বৃষ্টি হলে ওই রাস্তায় চলাচল করতে আমিও ভয় পাই। রাস্তাটি পাকা করার ব্যবস্থা নেওয়ার জন্য আমি এমপি সাহেবকে কয়েকবার বলেছি। দেখা যাক, এ অর্থবছরে কিছু করা যায় কি না।’