পীরগাছার হাটবাজারে অতিরিক্ত টোল আদায়
রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন হাটবাজারে সরকারি নির্দেশ উপেক্ষা করে ইজারাদারেরা ইচ্ছামতো টোল আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছোট-বড় ১৭টি হাটবাজারে অতিরিক্ত হারে নিয়মিত এ টোল আদায় করা হচ্ছে। এ টোল আদায়কে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে ইজারাদারদের প্রায়ই বাগিবতণ্ডা, এমনকি হাতাহাতি পর্যন্ত হচ্ছে। অথচ এসব দেখার যেন কেউ নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ বছর উপজেলার ১৭টি হাটবাজার ইজারা বন্দোবস্ত দিয়ে সরকার এক কোটি ১৩ লাখ ৫০০ টাকা রাজস্ব আয় করেছে। ১ বৈশাখ থেকে আগামী ৩০ চৈত্র পর্যন্ত এ বন্দোবস্ত বলবৎ থাকবে। ইজারা নেওয়ার সময় প্রতিটি হাটবাজারের সংশ্লিষ্ট ইজারাদারেরা সরকারের সঙ্গে ননজুডিশিয়াল স্ট্যাম্পের ওপর চুক্তি করেন। স্ট্যাম্পে লেখা শর্ত ভঙ্গ করলে তাঁদের ইজারা বাতিল হয়ে যাবে বলে চুক্তিপত্রে উল্লেখ করা হয়।এলাকাবাসীর অভিযোগ, উপজেলার কোনো হাটবাজারেই টোল আদায়ের ক্ষেত্রে সরকারি নির্দেশ মানা হচ্ছে না। কোনো ধরনের রসিদ ছাড়াই ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকেই ইজারাদারেরা ইচ্ছেমতো টোল আদায় করছেন। প্রতিটি পণ্যের নির্ধারিত টোল চার্টে লিখে তা হাটের জনবহুল স্থানে টাঙানোর নির্দেশ রয়েছে। অথচ উপজেলার কোনো হাটবাজারেই তা টাঙানো হয়নি। ফলে কোন পণ্যের টোল কত, তা সাধারণ মানুষের অজানাই থেকে যাচ্ছে। এই সুযোগে ইজারাদারেরা চুক্তি ভঙ্গ করে ইচ্ছামতো অধিক হারে টোল আদায় করলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছে না।একটি সূত্র জানায়, টোল আদায়ের ঝামেলা এড়াতে অনেক ইজারাদার সাপ্তাহিক হাটের দিন হাট সাবলিজ দিয়ে থাকেন। সুযোগটি কাজে লাগাচ্ছেন সাবলিজ গ্রহণকারীরা। তাঁরাই অতিরিক্ত মুনাফার লোভে তখন বাড়তি টোল আদায়ে মরিয়া হয়ে ওঠেন। ফলে প্রায়ই এ নিয়ে টোল আদায়কারীর সঙ্গে ক্রেতা-বিক্রেতার বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়।উপজেলার পাওটানা, চৌধুরাণী ও অন্নদানগরসহ বেশ কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, সংশ্লিষ্ট ইজারাদারেরা স্থানীয় লোকজনকে হাট সাবলিজ দিয়েছেন। সাবলিজ গ্রহণকারীরা ইচ্ছামতো টোল আদায় করছেন। ওই সব হাটে প্রতিটি গরুর জন্য ক্রেতার কাছ থেকে ৮০ টাকা হারে টোল নেওয়ার সরকারি নির্দেশ থাকলেও চৌধুরাণীর হাটে প্রতিটি গরু বিক্রির জন্য ক্রেতার কাছ থেকে ১৫০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে ৫০ টাকা, প্রতিটি ছাগলের জন্য ২৫ টাকা নেওয়ার নিয়ম থাকলেও ক্রেতার কাছ থেকে ৫০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে ৩০ টাকা হারে টোল আদায় করা হচ্ছে। কাঁচা পণ্যে মণপ্রতি তিন টাকা নির্ধারিত থাকলেও নেওয়া হচ্ছে ১০ থেকে ১২ টাকা।চৌধুরাণী বাজারের কাঁচা মালের ব্যবসায়ী মফিজুল ইসলাম, হোসেন আলী, হানিফ উদ্দিন ও নয়া মিয়াসহ আরও অনেকে অভিযোগ করেন, অনুরোধ করলেও কিছুই কম নেন না ইজাদারেরা, বরং কম দিলে তাঁদের হাতে লাঞ্ছিত হতে হয়। এ অবস্থা শুধু চৌধুরাণীর হাটেই নয়, উপজেলার সব হাটে একই অবস্থা।উপজেলার পাওটানা হাটের ইজারাদার জসিজল হক এবং অন্নদানগর হাটের ইজারাদার ডা. নুরুল ইসলাম জানান, আগের নিয়মেই হাটবাজার থেকে টোল আদায় করা হচ্ছে। টোলের চার্ট টাঙানোর ব্যাপারে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নির্দেশনা পাননি। তবে তাঁরা স্বীকার করেন, গবাদিপশুর জন্য স্কুল ও কলেজের মাঠ হাট হিসেবে ব্যবহারের ফলে কিছু কিছু ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকেই টোল নেওয়া হচ্ছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম জানান, টোল আদায়ের জন্য ইজারাদারদের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে। কেউ চুক্তির শর্ত ভঙ্গ করে অতিরিক্ত টোল আদায় করলে তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।