পীরগাছায় ইট তৈরির জন্য বিক্রি হচ্ছে ফসলি জমির মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় ইটভাটায় ইট তৈরির জন্য বিক্রি হচ্ছে ফসলি জমির মাটি। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অভাবী কৃষকদের অজ্ঞতার সুযোগ নিয়ে স্বল্পমূল্যে ফসলি জমির উর্বরা মাটি (টপ সয়েল) কিনে ইটভাটায় বেশি মূল্যে সরবরাহ করছে। এতে ফসলি জমির উর্বরাশক্তি নষ্ট হয়ে ফসল উত্পাদন ব্যাহত হচ্ছে। সরেজমিন ঘুরে ও সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর শীত মৌসুমে আমন ধান কাটার পরপরই ফসলি জমির মাটি বিক্রি শুরু হয়। নিচু জায়গা ভরাট করা ও ইট তৈরিসহ বিভিন্ন কাজের জন্য চলছে ওই ফসলি জমির মাটি বেচাকেনা। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক ভ্যান, ট্রলি ও ট্রাকে করে ফসলি জমি থেকে উর্বরা মাটি কেটে সংশ্লিষ্ট এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ভাটার মালিক এসব মাটি ইটভাটার আশপাশে স্তূপ করে রেখে পরে সেগুলো ইচ্ছেমতো ইট তৈরির কাজে ব্যবহার করছেন। পীরগাছা সদর ইউনিয়নের দুধিয়াবাড়ি তালুক ইসাদ গ্রামের কৃষক কফিল উদ্দিন বলেন, ‘স্থানীয় মাটি ব্যবসায়ীর কাছে এক বিঘা জমির উপরিভাগের আড়াই থেকে তিন ফুট মাটি পাঁচ হাজার টাকায় বিক্রি করেছি।’ নজর মামুদ গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, ‘আমি দুই বিঘা জমির উপরিভাগের আড়াই ফুট মাটি নয় হাজার টাকায় বিক্রি করেছি।’ পীরগাছা সদরের মাটি বেচাকেনার সঙ্গে জড়িত ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, ‘এ উপজেলায় প্রথমে দুটি ইটভাটা ছিল। এখন আটটি ইটভাটা স্থাপিত হয়েছে। এ কারণে প্রতিদিন মাটির চাহিদাও বেড়ে চলেছে। যাদের মাটির প্রয়োজন তারা আমাদের মতো মাটি ব্যবসায়ীর কাছে মাটি নেওয়ার জন্য চুক্তিভিত্তিক অর্ডার দেন। আমরা বিভিন্ন এলাকার কৃষকের কাছ থেকে জমির মাটি কিনে তা ভাটায় সরবরাহ করি।’ দুধিয়াবাড়ি তালুক ইসাদ ভাটার মালিক আবদুস ছালাম মিয়া জানান, ইট তৈরির জন্য পতিত জমির সঙ্গে ফসলি জমির মাটিও কেনা হচ্ছে। আর মাটি কেনা হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে। মাটি ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে মাটি কিনে ভ্যান ও ট্রাকে করে ভাটায় সরবরাহ করে থাকেন। উপজেলা কৃষি কর্মকর্তা কে এম নুরুল আমিন বলেন, জমির উপরিভাগের দেড় থেকে দুই ফুট অংশের মধ্যেই মাটির মূল উর্বরাশক্তি। কিন্তু ওই অংশটিই কেটে নেওয়ার ফলে জমির উর্বরাশক্তি নষ্ট হয়ে যায়। ওই উর্বরাশক্তি ফিরে আসতে ৭/৮ বছর সময় লাগে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা অর্জনের জন্য অভাবী কৃষকের কাছ থেকে মাটি কিনে জমির উর্বরাশক্তি নষ্ট করছে। এতে ফসল উত্পাদন ব্যাহত হচ্ছে।