পীরগাছায় ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে
রংপুরের পীরগাছায় সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে প্রকাশ্যে ইটভাটাগুলোয় অবাধে জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছে। এতে পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের আগাম অনুমতি কিংবা ভাটায় আগুন লাগানোর অনুমতিপত্র ছাড়াই এসব ভাটায় ইট পোড়ানো হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর নতুন তিনটিসহ আটটি ভাটায় ইট পোড়ানো হচ্ছে। ১৯৮৯ সালের ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইনের ৫ ধারামতে, লোকালয়ে বা বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন নিষিদ্ধ থাকলেও এই উপজেলার মালিকেরা তা মানছেন না। অভিযোগ রয়েছে, ভাটার মালিকেরা পরিবেশ অধিদপ্তরের কতিপয় কর্মকর্তার যোগসাজশে ছাড়পত্র নিয়ে লোকালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটবর্তী স্থানে এসব ভাটা স্থাপন করে ইট পোড়াচ্ছেন।উপজেলার সদর ইউনিয়নের কদমতলা এলাকায় এসএ ব্রিকস, অনন্তরাম গ্রামের জুঁই ব্রিকস, দুধিয়াবাড়ী (তালুক ইসাদ) গ্রামের এমকেবি ব্রিকস থেকে ৫০০ মিটারের মধ্যে তালুক ইসাদ ও দুধিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনন্তরাম দশগাঁও গ্রামের এমটিবি ব্রিকস থেকে ৩০০ মিটারের মধ্যে দশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্নদানগর ইউনিয়নের সাত দরগাহ বাজারসংলগ্ন মিতা ব্রিকস, তাম্বুলপুর ইউনিয়নের পরান গ্রামের এমএ ব্রিকস থেকে ৫০০ মিটারের মধ্যে রাজবাড়ী উচ্চবিদ্যালয় ও কৈকুড়ী ইউনিয়নের মোংলাকুটি গ্রামের মুন্সি ব্রিকস থেকে ৩০০ মিটারের মধ্যে মোংলাকুটি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আটটি ইটভাটাই বাজার ও বসতবাড়ির কাছে স্থাপন করা হয়েছে। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীসহ আশপাশের বসবাসকারী মানুষের স্বাস্থ্যঝুঁকিসহ নানা ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। পরিবেশ আইনে আবাসিক এলাকা, হাটবাজার, ফলের বাগানসহ ফসলি জমির আশপাশে ইটভাটা স্থাপন নিষিদ্ধ থাকলেও প্রশাসনের সুষুম তদারকি বা নজরদারির অভাবে এসব ভাটায় সে আইনকে তোয়াক্কা না করে অবাধে ইট পোড়ানো হচ্ছে।অপরদিকে ইটভাটাগুলোয় কাঠ ও বাঁশের মুড়া পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কয়লার পরিবর্তে অবাধে সেসব পোড়ানো হচ্ছে। এতে পরিবেশের বিপর্যয় ঘটছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম জানান, ইটভাটার অনুমোদন জেলা প্রশাসন দিয়ে থাকে। তিনি বলেন, গত বছর ১৫ ডিসেম্বর জেলা প্রশাসক ইটভাটাগুলো সরেজমিনে পরিদর্শন করে এর সঠিকতা যাচাইপূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে ভাটাগুলো পরিদর্শন করা হয়েছে। শিগগিরই জেলা প্রশাসকের কাছে এ প্রতিবেদন পাঠানো হবে। কিন্তু তার আগেই জেলা প্রশাসকের ভাটায় আগুন দেওয়ার (ফায়ারিং) অনুমতিপত্র ছাড়াই মালিকেরা ভাটাগুলোয় ইট পোড়ানো শুরু করেছেন।রংপুরের জেলা প্রশাসক বি এম এনামুল হক বলেন, পীরগাছার আটটি ইটভাটায় আগুন দেওয়ার অনুমতিপত্র নেওয়ার আগেই মালিকেরা ভাটায় ইট পোড়ানো শুরু করেছেন।