পীরগাছায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে শিক্ষার্থীর মৃত্যু
রংপুরের পীরগাছায় আজ মঙ্গলবার সকালে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে শাহিনুর আকতার (৮) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।এলাকাবাসী ও মারা যাওয়া ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ছাওলা ইউনিয়নের জুয়ানের চর গ্রামের শাহা আলমের মেয়ে শাহিনুর অন্যদিনের মতো আজ সকালে দুই নং জুয়ানের চর প্রাথমিক বিদ্যালয়ে যায়। স্কুলে যাওয়ার পর তাকে একটি কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান স্কুলের শিক্ষকেরা। ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণ পরই সে অসুস্থ হয়ে পড়ে। তার পেটে ব্যথা শুরু হয় এবং পাতলা পায়খানা করতে থাকে। একপর্যায়ে অবস্থা আরও খারাপ হলে স্থানীয় চিকিৎসক তার চিকিৎসা করেন। পরে বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমকে অফিসকক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। প্রধান শিক্ষক শাহ আলম প্রথম আলো ডটকমকে বলেন, সরকারিভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কৃমিনাশক ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। ওই শিক্ষার্থী ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে মারা যায়। শাহিনুরের বাবা শাহা আলম বলেন, ‘আমার মেয়ে স্কুলে গিয়ে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে মারা যায়।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খালি পেটে এ ট্যাবলেট খাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।’ব্রাহ্মণবাড়িয়ায় ১১ শিক্ষার্থী অসুস্থব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় পাঁচ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলো পঞ্চম শ্রেণীর মুক্তা মনি, দ্বিতীয় শ্রেণীর রানী আক্তার, রেশমী আক্তার, বিথী আক্তার ও উর্মি আক্তার।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যালয় ও শিক্ষার্থীদের অভিভাবক সূত্রে জানা যায়, গত রোববার থেকে পুরো উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থীকে সাত দিনব্যাপী কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রম শুরু হয়। এরই অংশ হিসেবে আজ সকাল ১০টা থেকে মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান শিক্ষকেরা।অসুস্থ হওয়ার পর পঞ্চম শ্রেণীর ছাত্রী মুক্তা মনি হাসপাতালের বিছানায় শুয়ে জানায়, ‘স্কুলে ১০টার পরে আপায় (শিক্ষিকা) আমাকে একটি ট্যাবলেট খাওয়াইছে। এর কয়েক মিনিট পরই আমি বেঞ্চ থেকে পইড়া গেছি।’শিক্ষার্থীর এক অভিভাবক সুমি আক্তার জানান, ‘আমার ছোট বোন স্কুলে অসুস্থ হয়েছে শুনে তাকে সেখান থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করাইছি, স্যালাইন দিছে ডাক্তার তাকে।’বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোহা আক্তার প্রথম আলো ডটকমকে বলেন, ‘কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর সময় এক শিক্ষার্থী অসুস্থ বোধ করার পর আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তাদের মাথায় পানি দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, অতিরিক্ত গরমে খালি পেটে ট্যাবলেট খাওয়া অসুস্থতার কারণ হতে পারে। তিনি বলেন, ট্যাবলেটে সমস্যা থাকলেও এমনটি হতে পারে।