পীরগাছায় কৃষক হতাশ
রংপুরের পীরগাছা উপজেলায় বোরো বীজের সংকট দেখা দিয়েছে। উপজেলা বিএডিসি বীজ বিপণন কেন্দ্রে (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) বীজ নিতে এসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা বীজ না পেয়ে প্রতিদিন খালি হাতে বাড়ি ফিরছেন। কৃষকদের অভিযোগ, বিএডিসির বীজ বিপণন কেন্দ্রের বীজরক্ষক কৃষকদের কাছে বীজ বিক্রি না করে কালো বাজারে বিক্রি করে দিয়েছে। ফলে বিএডিসির গুদামে বীজ না থাকায় কৃষকেরা বীজ পাচ্ছেন না। কৃষকেরা জানান, ১০ কেজি ওজনের এক বস্তা বোরো বীজের সরকারি মূল্য ৩৩০ টাকা নির্ধারণ করা হলেও বীজ সংকটের সুযোগ নিচ্ছেন ডিলার ও কতিপয় অসাধু ব্যবসায়ী। তাঁরা বেশি মুনাফার আশায় প্রতি ১০ কেজি ওজনের বস্তা বিক্রি করছেন ৩৯০ থেকে ৪০০ টাকা দরে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবারে বোরো মৌসুমে উপজেলার নয়টি ইউনিয়নে ১৬ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৪০৭ টন বোরো বীজের প্রয়োজন। এ বোরো বীজ বিএডিসি ও বিভিন্ন কোম্পানিসহ স্থানীয় কৃষক পর্যায় থেকে সরবরাহ করা হবে। কিন্তু উপজেলা বিএডিসি বীজ বিপণন কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, বিআর-২৯ ও বিআর-৪৭ জাতের দুই প্রকারের বোরো বীজ সরবরাহ করা হয়েছে মাত্র চার টন। সেই বীজ বিএডিসির গুদামে আসা মাত্র তা কালো বাজারে বিক্রি হয়ে গেছে। ফলে কৃষকেরা উপজেলা বিএডিসি বীজ বিপণন কেন্দ্রে প্রতিদিন বীজের জন্য হন্যে হয়ে ঘুরেও বীজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। ২২ নভেম্বর উপজেলা বীজ বিপণন কেন্দ্রে গিয়ে দেখা যায়, বীজ নিতে আসা অর্ধশতাধিক কৃষক সারা দিন বীজের জন্য অপেক্ষা করেও বীজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। উপজেলার কান্দি ইউনিয়নের নিজপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আলী, তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিম দেবু গ্রামের নজরুল ইসলাম, ইছাহাক আলী, আরও অনেকে জানান, গত এক সপ্তাহ থেকে বীজের জন্য ঘুরেও তাঁরা বীজ পাচ্ছেন না। এদিকে উপজেলা বীজ বিপণন কেন্দ্রের বীজরক্ষক হারাধন চন্দ্র বর্মণ কালো বাজারে বীজ বিক্রির কথা অস্বীকার করে বলেন, বিআর-২৯ ও বিআর-৪৭ জাতের চার টন বীজ সরবরাহ পাওয়া গেছে, যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল এবং তা অনেক আগেই শেষ হয়ে গেছে।উপজেলা বিএডিসির বীজ ডিলার গোফরান ভূইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বেশি দামে বীজ বিক্রির কথা অস্বীকার করে বলেন, ‘আমি দুই টন বোরো বীজ সরবরাহ পেয়েছিলাম, তা সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি করে দিয়েছি।’ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মকবুল হোসেন জানান, বিএডিসি বীজ বিপণন কেন্দ্রে শতকরা ২০ থেকে ২৫ ভাগ বীজ সরবরাহ পেয়ে থাকে বাকি বীজ বিভিন্ন বেসরকারি বীজ কোম্পানি থেকে সরবরাহ হয়ে থাকে। তাই বিএডিসি বীজ বিপণন কেন্দ্রে বীজ-সংকট দেখা দিয়েছে।