পীরগাছায় তিস্তা বন্যানিয়ন্ত্রণ বাঁধ পুনর্নির্মাণে অনিয়ম!
রংপুরের পীরগাছায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভেঙে যাওয়া তিস্তা বন্যানিয়ন্ত্রণ বাঁধটি পুনর্নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পাউবোর কর্মকর্তাদের সুষ্ঠু তদারকির অভাবে সংশ্লিষ্ট ঠিকাদার মাটি দিয়ে বাঁধটি পুনর্নির্মাণ না করে বাঁধের গোড়া থেকে শ্যালোমেশিন দিয়ে ভূগর্ভস্থ বালু তুলে এ বাঁধটি পুনর্নির্মাণ করছেন।এলাকাবাসী জানান, গত বছর বাঁধের গোড়া থেকে শ্যালোমেশিন দিয়ে ভূগর্ভস্থ বালু তুলে বাঁধটি নির্মাণ করার ফলে বর্ষায় তিস্তার প্রবল স্রোতে সোয়া পাঁচ কিলোমিটার বাঁধের প্রায় আড়াই কিলোমিটার অংশসহ দুটি ইউনিয়নের তিনটি গ্রামের পাঁচ শতাধিক পরিবারের বসতবাড়ি ও ১৫০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়।এ বছরও একই পদ্ধতিতে নদীগর্ভে বিলীন হওয়া বাঁধটি পুনর্নির্মাণের কাজ চলছে। ফলে বর্ষাকালে বন্যার সময় তিস্তার স্রোতে বাঁধটি ভেঙে গিয়ে দুটি ইউনিয়নের সহস্রাধিক বসতবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, তিস্তার ভাঙন রোধে একটি বেড়িবাঁধ নির্মাণসহ নদীভাঙন রোধে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।গাইবান্ধা পাউবো সূত্র জানায়, রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব চরের পুরোনো বন্যানিয়ন্ত্রণ বাঁধের মাথা থেকে তাম্বুলপুর ইউনিয়নের মধ্য দিয়ে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ইমামগঞ্জ পর্যন্ত ৫ দশমিক ৩০ কিলোমিটার দীর্ঘ পাউবোর বন্যানিয়ন্ত্রণ বাঁধটি ১৯৮৬ সালের প্রবল বন্যায় তিস্তা নদীর গর্ভে বিলীন হয়। সেই সঙ্গে ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের ১০টি গ্রামের বসতবাড়ি ও আবাদি জমি তিস্তা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীকালে নদী চরছাওলার পূর্ব দিকে সরে গেলে আবারও চর জেগে ওঠে এবং সেখানে জনবসতি গড়ে ওঠে।দীর্ঘ ২১ বছর পর ২০০৯ সালে গাইবান্ধা পাউবো ভেঙে যাওয়া বাঁধটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। দরপত্র আহ্বান করে ঠিকাদারের মাধ্যমে গত বছর ফেব্রুয়ারি মাসে এর পুনর্নির্মাণের কাজ শুরু হয়। গাইবান্ধার লতিফ হক্কানী নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের দায়িত্ব পায়। এ জন্য বিশ্ব ব্যাংকের আওতায় দুই কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি দুই বছরে অর্থাৎ ২০১০ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে পাউবো সূত্রে জানা যায়।সরেজমিনে দেখা গেছে, চরছাওলা ও চরতাম্বুলপুর এলাকায় প্রায় ১৫ থেকে ১৬টি শ্যালোমেশিন দিয়ে বাঁধের গোড়া থেকে ভূগর্ভস্থ বালু তুলে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এসব কাজ তদারকির দায়িত্বে এলাকার কতিপয় ব্যক্তিকে দেখা গেছে।চরছাওলা গ্রামের আবদুর রাজ্জাক (৪৮), ছোবেদ আলী (৬০) ও শরফ উদ্দিন (৭০) এবং চরতাম্বুলপুর গ্রামের আ. গফুর (৬০), ফজলু মিয়া (৫০) ও নজরুল ইসলামসহ (৩৫) আরও অনেকে অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বহীনতা ও তদারকির অভাবে ঠিকাদার মাটি দিয়ে বাঁধ নির্মাণ না করে বাঁধের গোড়া থেকে শ্যালোমেশিন দিয়ে ভূগর্ভস্থ বালু তুলে এ বালুর বাঁধ নির্মাণ করার ফলে গত বছর বন্যায় বাঁধসহ এলাকার বাড়িঘর, গাছপালা ও আবাদি জমি নদীভাঙনের কবলে পড়ে তিস্তার গর্ভে বিলীন হয়ে গেছে। এ বছর আবারও বাঁধের গোড়া থেকে শ্যালোমেশিন দিয়ে ভূগর্ভস্থ বালু তুলে ভেঙে যাওয়া বাঁধটি পুনর্নির্মাণ করা হচ্ছে।ছাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজির হোসেন ও তাম্বুলপুর ইউপির চেয়ারম্যান রেজওয়ান আলী জানান, পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তার যোগসাজশে ঠিকাদার এভাবে অনিয়ম করে বাঁধের গোড়া থেকে শ্যালোমেশিন দিয়ে ভূগর্ভস্থ বালু তুলে বাঁধ নির্মাণ করায় গত বছর এলাকায় বাড়িঘর ও আবাদি জমিসহ বাঁধ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান বলেন, বাঁধ নির্মাণে অনিয়মের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বিষয়টি জানানো হয়েছে।বাঁধ নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদার লতিফ হক্কানী জানান, এলাকার লোকজন ফসলি জমি থেকে মাটি না দেওয়ায় বাধ্য হয়ে শ্যালোমেশিন দিয়ে বাঁধের গোড়া থেকে ভূগর্ভস্থ বালু তুলে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এতে তেমন কোনো ক্ষতি হবে না।পাউবোর গাইবান্ধা উপবিভাগীয় প্রকৌশলী মনতেজার রহমান শ্যালোমেশিন দিয়ে বাঁধের গোড়া থেকে ভূগর্ভস্থ বালু তুলে বাঁধ নির্মাণের কথা স্বীকার করে জানান, বাঁধের আশপাশে মাটি না পেয়ে ঠিকাদার বাধ্য হয়ে এ কাজ করছেন।গাইবান্ধা পউবোর নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন জানান, শ্যালোমেশিন দিয়ে বাঁধের গোড়া থেকে ভূগর্ভস্থ বালুু তুলে বাঁধ নির্মাণ করা যাবে না। এতে বাঁধটি আবারও ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে। যদি ঠিকাদার এ ধরনের কাজ করে থাকেন, তাহলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তিনি জানান, বন্যানিয়ন্ত্রণ বাঁধসহ এলাকার বসতবাড়ি ও আবাদি জমি যাতে নদীভাঙনের কবলে না পড়ে এ জন্য ওই এলাকায় চারটি বেড়িবাঁধ নির্মাণ করা হবে।