পীরগাছায় দুই পক্ষের সংঘর্ষে আ.লীগের নেতা নিহত
রংপুরের পীরগাছা উপজেলায় গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম নিহত হয়েছেন।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, উপজেলার পারুল ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দলীয় কাউন্সিলর নির্বাচনের জন্য গতকাল দুপুর ১২টার দিকে পারুল ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভা শুরু হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম সরদার, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতিসহ নয়জনের একটি দল অংশ নেয়। সভার একপর্যায়ে পারুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ওই তিন ওয়ার্ডের দলীয় কাউন্সিলর করতে পৃথক দুটি নামের তালিকা অনুমোদনের জন্য উপজেলা নেতাদের কাছে জমা দেন। উভয় পক্ষ ওই তালিকা অনুমোদন করতে উপজেলা নেতাদের ওপর চাপ দিতে থাকে। বিষয়টি নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষই লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থামাতে গেলে মফিজুল ইসলামকে আঘাত করা হয়। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়। গুরুতর অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরে তিনি মারা যান।ঘটনাস্থলে উপস্থিত আবদুল হাকিম সরদার বলেন, ‘সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষ দুটি তালিকা জমা দেয়। বিষয়টি নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। আমরা সংঘর্ষ থামাতে গেলে মফিজুল ইসলামকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়।’ এদিকে, উপজেলা সদরের শুকানপুর গ্রামে নিহত মফিজুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁর স্বজনদের আহাজারি দেখা যায়। তাঁর স্ত্রী হেনা বেগম কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন। একপর্যায়ে তিনি তাঁর স্বামীর হত্যাকারীদের বিচারের দাবি করেন।বিবদমান এক পক্ষের নেতা তোফাজ্জল হোসেন বলেন, ‘আমার লোকজনের হাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহত হননি।’ অন্য পক্ষের নেতা মতিউল ইসলাম বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই।’পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা বলেন, আইনশৃঙ্খলা-পরিস্থিতি অবনতির আশঙ্কায় পারুল ইউনিয়নসহ উপজেলা সদরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।