পীরগাছায় মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
রংপুরের পীরগাছার দিলালপাড়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ভুয়া শিক্ষার্থীর নামে উপবৃত্তি ও টিউশন ফিয়ের প্রায় ৩০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকাবাসী সুপারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছে।অভিযোগে জানা গেছে, উপজেলার দিলালপাড়া দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন বহুদিন ধরে মাদ্রাসার বিভিন্ন শ্রেণীতে ভুয়া শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করে উপবৃত্তি ও টিউশন ফিয়ের অর্থ আত্মসাৎ করে আসছেন। সুপারের বিরুদ্ধে এলাকাবাসী এসব অনিয়মের অভিযোগ করলে সুপার তাদের ভয়ভীতি ও মামলায় জড়ানোর হুমকি দিয়েছেন বলে এলাকাবাসী জানান।উপবৃত্তির টাকা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের ব্যাপারে দিলালপাড়া দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, উপবৃত্তির তালিকায় ভুলবশত কিছু শিক্ষার্থীর নাম এসেছে, ফলে তাদের নামে টাকা উত্তোলন করা হয়েছে। তবে এ টাকা ফেরত দেওয়া হবে বলে তিনি জানান।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম অভিযোগের কথা স্বীকার করে জানান, বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।