পীরগাছায় সরকারি ভবনগুলোয় কর্মকর্তারা থাকেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার সরকারি আবাসিক ভবনগুলোতে কোনো কর্মকর্তা-কর্মচারী বসবাস না করায় ভবনগুলো ঝোপ-জঙ্গলে ভরে গেছে। ফলে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের দুটি গেজেটেড কর্মকর্তার আবাসিক ভবনের (কোয়ার্টারের) আটটি ফ্ল্যাট এবং নন-গেজেটেড কর্মকর্তার চারটি ভবনের ১৬টি ফ্ল্যাটে কোনো কর্মকর্তা-কর্মচারী বাস করেন না। নন-গেজেটেড ভবনের তিনটি ফ্ল্যাট নামমাত্র ভাড়া দিয়ে বরেন্দ্র সেচ প্রকল্প ও উপজেলা একাডেমিক সুপারভাইজারের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে একটি আবাসিক ফ্ল্যাটে সহকারী কমিশনার (ভূমি) বাস করলেও সাতটি গেজেটেড এবং ১৩টি নন-গেজেটেড কর্মকর্তার ফ্ল্যাট দীর্ঘদিন ধরে ভাড়াবিহীন অবস্থায় পড়ে রয়েছে। এতে প্রতি মাসে সরকার কয়েক লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় পানির ট্যাপ, পাইপলাইনসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে। পরিচর্যার অভাবে ঝোপ-জঙ্গলে ভরে যাচ্ছে ভবনগুলো।সূত্র আরও জানায়, ওই সব ভবনে কর্মকর্তা-কর্মচারীরা বাস করলে সরকার প্রতি মাসে এক লাখ থেকে দেড় লাখ টাকা বাসা ভাড়া হিসাবে রাজস্ব পেত। এ ছাড়া ওই সরকারি কর্মকর্তারা ৩০ কিলোমিটার দূরের জেলা শহর থেকে প্রতিদিন যাতায়াত করেন। এতে তাঁরা সময়মতো অফিসে না আসায় উপজেলাবাসী জরুরি কাজের জন্য বিভিন্ন অফিসে গিয়ে হয়রানির শিকার হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সরকারি কর্মকর্তা জানান, সরকারি বাসায় বাস করলে যে পরিমাণ বাসা ভাড়া কেটে নেওয়া হয়, তার অর্ধেক টাকায় শহরে ভালো মানের বাসা পাওয়া যায়। এ কারণেই তাঁরা শহরে ভাড়া বাসায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এতে প্রতি মাসে তাঁদের বেশ কিছু টাকা সাশ্রয় হয়। কর্মকর্তারা মন্তব্য করেন, জেলা পর্যায়ে বেসরকারি ভালো মানের বাসা ভাড়ার মূল্য হিসাবে সরকারি বাসার ভাড়া নির্ধারণ করলে বাসাগুলো ফাঁকা পড়ে থাকত না। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরকারি বাসভবনগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকার কথা স্বীকার করে বলেন, ইউএনও, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক স্বাস্থ্য কর্মকর্তাদের সরকারি বাসভবনে থাকার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। অন্য কর্মকর্তাদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা নেই।