পীরগাছায় সেচকাজে বিদ্যুতের ভর্তুকি পাচ্ছেন না কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো মৌসুমে সেচকাজে কৃষকদের জন্য বিদ্যুৎ খাতে সরকারের দেওয়া শতকরা ২০ ভাগ ভর্তুকির সুবিধা পাচ্ছেন না রংপুরের পীরগাছা উপজেলার ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গা চাষিরা। এ সুবিধার পুরোটা ভোগ করছেন সেচসুবিধা প্রদানকারী গভীর ও অগভীর নলকূপের (সেচ-পাম্প) মালিকেরা। বোরো চাষে কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকার সেচকাজে ব্যবহূত মোট বিদ্যুৎ বিলের ওপর শতকরা ২০ ভাগ ভর্তুকি দিচ্ছে। কিন্তু প্রকৃত কৃষকেরা তা না পাওয়ায় সরকারের উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে।রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছা আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, উপজেলার নয়টি ইউনিয়নে গভীর-অগভীর মিলে ৮১৩টি সেচ-পাম্পে বিদ্যুৎ সংযোগ রয়েছে। এসব পাম্পের মাধ্যমে উপজেলার নয়টি ইউনিয়নের কৃষকেরা এ বছর ১৬ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো চাষ করেছেন। কিন্তু এ ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় পাম্পের মালিকেরা বিঘাপ্রতি ইচ্ছেমতো টাকা নিচ্ছেন। সেচ-পাম্পের মালিকদের চাপিয়ে দেওয়া এই অতিরিক্ত টাকা পরিশোধ করতে কৃষক হিমশিম খাচ্ছেন। অনেকে ওই টাকা পরিশোধ করতে কম মূল্যে জমির ফসল আগাম বিক্রি করছেন।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেচ-পাম্পের মালিকেরা তাঁদের ইচ্ছেমতো প্রতি বিঘা জমিতে পানি সেচ দিতে ৯৫০ থেকে এক হাজার ১৫০ টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করেছেন। চালুনিয়া গ্রামের বর্গাচাষি শাহ আলম মিয়া জানান, তিনি তিন বিঘা জমিতে বর্গা চাষে বোরো আবাদ করেছেন। ওই জমিতে সেচের জন্য তিনি দাদন ব্যবসায়ীদের কাছ থেকে জমির আগাম ফসল বিক্রি করে পাম্পের মালিককে তিন হাজার টাকা দিয়েছেন।উপজেলার আলাদীপাড়া গ্রামের কৃষক ইসমাইল হোসেন, শামছুল হক ও দুলু মিয়া জানান, চার থেকে পাঁচ বিঘা জমিতে বোরো চাষ করলেও তাঁরা সেচ বাবদ এক টাকাও ভর্তুকি পাচ্ছেন না। সেচ-পাম্পের মালিককে সেচ বাবদ বিঘাপ্রতি এক হাজার ১০০ টাকা করে দিতে হয়েছে। সুবিদ গ্রামের কৃষক হামেদ আলী, বাবু মোল্লা ও সিরাজ মোল্লা জানান, সরকার সেচের জন্য বিদ্যুৎ খাতে যে ভর্তুকি দেয়, তা তাঁরা জানেন না।সুবিদ গ্রামের সেচ-পাম্পের মালিক ইছাহাক আলী জানান, সরকার শুধু সেচ-পাম্পের মালিকদের জন্যই এ ভর্তুকির ব্যবস্থা করেছে, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য নয়। পশ্চিম দেবু গ্রামের সেচ-পাম্পের মালিক শফি উদ্দিন জানান, কৃষকেরা বাড়িতে বসে থেকে জমিতে পানি পান। সেচ-পাম্পের মালিকদের মাসিক বেতনে লাইনম্যান রেখে কাজ করাতে হয়। এ জন্য বিদ্যুৎ খাতে দেওয়া ভর্তুকি সেচ-পাম্পের মালিকেরাই ভোগ করছেন।উপজেলা কৃষি কর্মকর্তা কে এম নুরুল আমিন জানান, সরকার উৎপাদন বাড়াতে খরচ কমিয়ে আনতে ভর্তুকির ব্যবস্থা করলেও সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় কৃষকেরা তা পাচ্ছেন না। এ সুবিধা শুধু সেচ-পাম্পের মালিকেরা ভোগ করছেন। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আখতারুজ্জামান বলেন, ‘আমাদের কাছে কোনো নীতিমালা নেই। ফলে সরকার সেচের জন্য যে বিদ্যুৎ খাতে শতকরা ২০ ভাগ ভর্তুকি দিচ্ছে, তা সেচ-পাম্পের মালিকেরাই ভোগ করছেন। আমাদের কিছু করার নাই।’