পীরগাছায় সড়কে কাদাপানি মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার পাঠক শিকড়-চৌধুরানী সড়কের সুবিদ গ্রামে বাচ্চু মিয়ার বাড়িসংলগ্ন স্থানে কাদাপানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ওই সড়ক দিয়ে যাতায়াতে ১০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।এলাকাবাসী জানায়, সড়কটি দিয়ে উপজেলার মকরমপুর, পাঠক শিকড়, দাদন, মিরাপাড়াসহ নয়টি গ্রাম এবং সুন্দরগঞ্জ উপজেলার দেওডোবা ও ফলগাছা গ্রামের মানুষ রংপুর, পীরগাছা, সুন্দরগঞ্জ, বামনডাঙ্গা, গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। কিন্তু সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় এর বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দে কাদাপানি জমে যানবাহন চলাচলসহ মানুষের যাতায়াতে নানা দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে সড়কটির সুবিদ গ্রামে বাচ্চু মিয়ার বাড়িসংলগ্ন স্থানে কাদাপানি জমে প্রায় ১০০ মিটার জায়গাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই সড়কটি দিয়ে যাতায়াত করতে বিড়ম্বনা চরমে পৌঁছে।সুবিদ গ্রামের বাসিন্দা বাবু মিয়া, আবদুল বাকি, বাচ্চু মিয়া, আবদুর রহিমসহ অনেকে অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান-মেম্বারসহ কোনো জনপ্রতিনিধি এ এলাকার খোঁজখবর রাখেন না। ফলে এলাকায় উন্নয়নমূলক কাজও হয় না। সুবিদ গ্রামের বাসিন্দা মোসলেম উদ্দিন বলেন, এটা সড়ক নয়, নরক।সুবিদ গ্রামের ইউপির সদস্য খলিলুর রহমান বলেন, ‘সড়কটি সংস্কারে কোনো বরাদ্দ নেই। তবে মানুষের যাতায়াতের দুর্ভোগ দূর করতে আমি ব্যক্তিগত তহবিল থেকে সড়কের ওই জায়গায় কিছু মাটি ফেলার চেষ্টা করব।’কৈকুড়ীর ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম মণ্ডল বলেন, ইতিপূর্বে সড়কটির ওই স্থানে মাটি ভরাট করা হয়েছিল। ওই সড়কের আশপাশের মানুষ রাস্তার মাটি কেটে বাড়ি উঁচু করায় আবারও সড়কের ওই অংশটুকু নিচু হয়ে গেছে। ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ না থাকায় আপাতত কিছু করা সম্ভব হচ্ছে না।