পীরগাছায় হিমাগারে জায়গা নেই, আলুচাষিরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া এবং সার ও বীজ ছিল কৃষকের হাতের নাগালে। ফলে উৎপাদন হয়েছে আশাতীত। কিন্তু দাম কম এবং সংরক্ষণের জন্য হিমাগারে পর্যাপ্ত জায়গা না থাকায় আলু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। কৃষকেরা আলু সংরক্ষণের জন্য হিমাগারে নিয়ে গেলেও সেখানে জায়গার অভাবে শত শত আলুর বস্তা হিমাগারের বাইরে রাস্তায় পড়ে আছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলায় এ বছর নয় হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সেখানে নয় হাজার ৯৫০ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাতের আলু চাষ করা হয়েছে। গত বছর যদিও প্রতিকূল আবহাওয়া অর্থাৎ ঘন কুয়াশা ও শীতজনিত বিভিন্ন রোগে আলুর ফলন কম হয়েছিল, কিন্তু কৃষকেরা আলুর ভালো দাম পাওয়ায় এ বছর আলু চাষে ঝুঁকে পড়েছেন।কৃষকেরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘায় ১১০ থেকে ১২০ মণ পর্যন্ত ফলন হয়েছে, যা গত বছরের চেয়ে ফলন অনেক বেশি।উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র ঘোষ জানান, এবার আলু চাষের জন্য আবহাওয়া অনুকূল ছিল এবং রোগবালাই না থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে। এ ছাড়া বিগত বছরের চেয়ে এ বছর সার, বীজ ও কীটনাশকের দামও ছিল সহনীয় পর্যায়ে এবং এসব ছিল একেবারে কৃষকের হাতের নাগালে। ফলে কৃষকেরা এ বছর স্বাচ্ছন্দ্যে আলুর চাষ করেছেন এবং ফলনও পেয়েছেন আশাতীত। উপজেলার পারুল ইউনিয়নের পূর্ব পারুল গ্রামের কৃষক আজিজার রহমান জানান, তিনি এ বছর ২০ বিঘা জমিতে আলুর চাষ করেছেন। তিনি প্রতি বিঘায় ফলন পেয়েছেন ১১০ থেকে ১১৫ মণ। পারুল গ্রামের কৃষক ছালেহ আহমেদ বাবলু জানান, তিনি এবারে ৩৩ বিঘা জমিতে উচ্চফলনশীল জাতের আলুর চাষ করেছেন। ফলন পেয়েছেন বিঘাপ্রতি ১১০ থেকে ১২০ মণ। কিন্তু বাজারে দাম কম এবং হিমাগারে সংরক্ষণের জায়গা না থাকায় তিনি আলু নিয়ে বিপাকে পড়েছেন। উপজেলার চৌধুরাণী, পীরগাছা, দেউতি, পাওটানাসহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, বাজারে ব্যাপক আলু আমদানি হলেও ক্রেতা নেই। ফলে কৃষকেরা মধ্যস্বত্বভোগীদের কাছে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। প্রতি মণ আলু ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।দেউতি হিমাগারে আলু সংরক্ষণের জন্য আসা সুন্দরগঞ্জ উপজেলার আলুচাষি মিঠু মিয়া, জহির উদ্দিন, আলমগীর হোসেনসহ আরও অনেকে জানান, আলু রাখার জন্য সাত দিন ধরে হিমাগারের বাইরে রাস্তার ধারে তাঁরা বস্তার স্তূপ করে রেখেছেন। দেউতির ফয়জুন নাহার হিমাগারের ম্যানেজার বাহার আলী জানান, হিমাগারে আলু রাখার জন্য এবার আগাম বুকিং দেওয়া হয়েছে। যাঁরা আগাম বুকিং দিয়েছেন, শুধু তাঁরাই আলু সংরক্ষণ করতে পারবেন। উপজেলার অন্য হিমাগারগুলোতেও একই অবস্থা বিরাজ করছে।উপজেলা কৃষি কর্মকর্তা কে এম নুরুল আমিন প্রথম আলোকে বলেন, পীরগাছায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। এবার এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ হেক্টর বেশি জমিতে আলুর চাষ করা হয়েছে। উৎপাদন হয়েছে এক লাখ ৮৯ হাজার ৫০ মেট্রিকটন আলু। অথচ এ উপজেলায় তিনটি হিমাগারে ধারণক্ষমতা রয়েছে মাত্র ২৮ হাজার ৫০০ মেট্রিকটন।তিনি বলেন, হিমাগারে কৃষকের এত আলু রাখার জায়গা নেই। এ জন্য কৃষকদের নিজ বাড়িতে মাচা পেতে অথবা বালুর স্তর করে আলু রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে আলুর কোনো ক্ষতি হবে না। পরে দাম বাড়লে তা বিক্রি করে কৃষকেরা লাভবান হবেন।