পুঁজি তো গেছেই, টাকাও পাবে ব্রোকারেজ হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে লেনদেন করেন আবুল কালাম আজাদ। বিও হিসাব নম্বর ১৬০২১৭০০৩৩১৩১১৭৫। পোর্টফোলিওর বর্ণনা অনুযায়ী ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে সেখানে ব্যবসা করে আসছেন। নিজে ১০ লাখ টাকা এবং মার্জিন ঋণসহ সব মিলিয়ে ২১ লাখ ৬৫ হাজার ২৮৭ টাকা ৭১ পয়সার শেয়ার কিনেছিলেন। আর অব্যাহত দরপতনের কারণে এখন ওই শেয়ারের দাম নয় লাখ ২২ হাজার ২৩০ টাকায় দাঁড়িয়েছে। সব মিলিয়ে তাঁর ক্ষতি হয়েছে ১২ লাখ ৪৩ হাজার ৫৭ টাকা ৭১ পয়সা। এ অবস্থায় হাউসটি তাঁর কাছে উল্টা এক লাখ ৮৯ হাজার ৮৩০ টাকা ৫৯ পয়সা পাবে। গতকাল বুধবার হাউস থেকে তাঁর পোর্টফোলিওতে ফোর্স সেল লিখে দেওয়া হয়েছে।গতকাল ডিএসইর সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন চলাকালে আবুল কালাম আজাদ পোর্টফোলিও দেখিয়ে কেঁদে ফেললেন। বললেন, অব্যাহত দরপতনের কারণে তাঁদের এখন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ অবস্থা। নিজে যে টাকা খাটিয়েছিলেন তা তো গেছেই উল্টা আবার হাউসকে অতিরিক্ত টাকা দিতে হবে। অন্যথায় সমুদয় শেয়ার বিক্রি করে দেবে হাউসটি।গতকাল ডিএসইর সামনে মানববন্ধন চলাকালে আনোয়ার হোসেন নামের এক বিনিয়োগকারী হঠাত্ করে বেহুঁশ হয়ে পড়েন। উপস্থিত বিনিয়োগকারীরা তাঁর মাথায় পানি দিলে হুঁশ ফিরে পান। বিনিয়োগকারীরা তাঁকে চিকিত্সাকেন্দ্রে নিতে চাইলে তিনি চিকিত্সাকেন্দ্রে যেকে অস্বীকৃতি জানান। তিনি বলেন, মৃত্যু হয় ডিএসইর সামনেই মরব।আনোয়ার হোসেন ট্রাস্টি সিকিউরিটিজ লিমিটেডে তিনটি পৃথক বিও হিসাবে এক কোটি ৫৬ লাখ ৭৮ হাজার ২৭৮ টাকা বিনিয়োগ করেন। গতকালের হিসাব অনুযায়ী ৪২ লাখ ৪৮ হাজার ৪৬৪ টাকা ‘নাই হয়ে গেছে’। আর টাকা হারিয়ে তাঁর এই অবস্থা বলে জানান উপস্থিত বিনিয়োগকারীরা।শাকিল রিজভী স্টক লিমিটেডে বিও হিসাব পারভীন বেগম নামের এক নারী বিনিয়োগকারীরা। তাঁর স্বামী শহীদুল্লাহ পারভীন বেগমের পোর্টফোলিও দেখিয়ে বলেন, তিনি তাঁর স্ত্রীর হিসাবে ১৪ লাখ ৬৩ হাজার ১০৪ টাকা বিনিয়োগ করেছিলেন। গত কয়েক দিনে তিন লাখ আট হাজার ২৬৮ টাকা নাই হয়ে গেছে। শহীদুল্লাহ বলেন, ‘গত ৮/১০ বছর ধরে আমি শেয়ার ব্যবসা করছি। এবারের মতো অবস্থা কখনো দেখিনি।’ আর এ অবস্থায় বাজার থেকে বের হতেও পারছেন না বলে জানান তিনি।এমটিবি সিকিউরিটিজে লেনদেন করেন মুকুল হুসাইন। মুকুল জানান, তিনি ২১ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা বিনিয়োগ করেছিলেন। দরপতনের কারণে তাঁর সাত লাখ ৫৮ হাজার ৯৬০ টাকা ক্ষতি হয়েছে। এভাবে চলতে থাকলে তাঁকে পথে বসতে হবে বলে জানান তিনি।শেয়ারবাজারে অব্যাহত দরপতনে এমন আরও অনেক বিনিয়োগকারীর নিঃস্বপ্রায় অবস্থা। অনেকে আবার শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়েছেন। এ অবস্থায় বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি বিনিয়োগকারীদের।