পঞ্চাশ মিনিটের ভয়াবহ দরপতন দেখলেন দেশের শেয়ারবাজারের লাখ লাখ বিনিয়োগকারী। আগের দিনের ধারাবাহিকতায় গতকাল সোমবারও দরপতনের মধ্য দিয়ে শুরু হয়েছিল শেয়ারবাজারের লেনদেন। কিন্তু এর মাত্রা এতটাই বেশি ছিল যে, বড় কিছু ঘটার আশঙ্কায় লেনদেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা।এদিকে, অব্যাহত দরপতনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বরাবরের মতোই রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ব্রোকারেজ কার্যক্রম রয়েছে, দেশের এমন সব জায়গায় মুহূর্তেই বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়ে। তবে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে রাজধানী ঢাকায়। অন্যবারের মতো বিক্ষোভ কেবল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনের সড়কেই সীমাবদ্ধ থাকেনি। খণ্ড খণ্ড বিক্ষোভ বিস্তৃত হয় নগরের বিভিন্ন এলাকায়। গত সাত দিনের অব্যাহত দরপতনে সব মিলিয়ে বাজার মূলধন হারিয়েছে ৬৩ হাজার ৫৫৪ কোটি টাকা। আর গতকাল ৫০ মিনিটের দ্রুত দরপতনে মূলধন কমেছে ২৩ হাজার কোটি টাকা। অর্থাৎ প্রায় ৩৩ লাখ বিনিয়োগকারীর বিরাট অংশই বড় ধরনের লোকসানের মুখে পড়েছে।বিনিয়োগকারীদের অভিযোগ, গত রোববারের বাজারধসের পর সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিলে হয়তো এমন ঘটনা ঘটত না। তাঁরা বলেন, বাজার-পরিস্থিতি নিয়ে সরকারের কার্যক্রম ও মন্ত্রীদের বক্তব্যে আশ্বস্ত হতে পারেননি কেউ। ফলে আস্থাহীনতা থেকে যাওয়ায় সবাই শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হতে চেয়েছেন। আর এতে বাজারের পতন দ্রুত হয়েছে। গতকাল বাজারে ৬০টি কোম্পানির শেয়ারের কোনো ক্রেতাই ছিলেন না। দেশজুড়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সরকারের ওপর মহলের নির্দেশে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল দফায় দফায় সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসে। এসব বৈঠকের পর দুই নিয়ন্ত্রক সংস্থা বাজারের স্থিতিশীলতার স্বার্থে বেশ কিছু সিদ্ধান্ত নেয়।বাজার-পরিস্থিতি: প্রতিদিনের মতো গতকালও যথারীতি বেলা ১১টায় লেনদেন শুরু হয় দেশের দুই স্টক এক্সচেঞ্জে। এরপর প্রথম দুই-এক মিনিট সূচক সামান্য বাড়লেও পরের মুহূর্ত থেকে লাফিয়ে লাফিয়ে কমতে থাকে। এক ঘণ্টারও কম সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকের পতনের হার আগের দিনের রেকর্ড ছাড়িয়ে যায়। এ সময় স্টক এক্সচেঞ্জটির সাধারণ মূল্যসূচক ৬৩৫ পয়েন্ট বা প্রায় ৯ শতাংশ কমে ছয় হাজার ৪৯৯ পয়েন্ট নেমে আসে। আগের দিন লেনদেনের পুরো সময়ে সূচক কমেছিল ৬০০ পয়েন্ট বা ৭ দশমিক ৭৬ শতাংশ। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এক হাজার ৩৯৬ পয়েন্ট কমে নেমে আসে ১৯ হাজার ২১২ পয়েন্টে।এত অল্প সময়ে দরপতনের এই গতি দেখে বিচলিত হয়ে পড়ে খোদ এসইসি। পরিস্থিতি সামাল দিতে তাই সংস্থাটি বেলা ১১টা ৫০ মিনিটে লেনদেন বন্ধ রাখতে দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেয়। একই সঙ্গে পরবর্তী করণীয় ঠিক করতে ডিএসই, সিএসইসহ বাজারসংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়। এ সময় টেলিফোনে কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করা হয়।শেষ পর্যন্ত বেলা সাড়ে তিনটায় তাদের সবাইকে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার। এ সময় তিনি বাজারকে স্থিতিশীল রাখতে শেয়ারের বিপরীতে ঋণসীমা ১:১.৫ থেকে বাড়িয়ে ১:২ করা, নগদ লেনদেনের বাজার (স্পট মার্কেট) থেকে ১৪টি কোম্পানিকে নিয়মিত বাজারে ফিরিয়ে আনা, ঋণসুবিধার বাইরে থাকা কোম্পানির শেয়ারে আর্থিক সমন্বয়-সুবিধা বা নেটিং ফ্যাসিলিটি চালু করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। এ ছাড়া বাজারে তারল্য সরবরাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংকও কয়েকটি নীতি প্রয়োগ শিথিল করছে বলে জানান তিনি।জিয়াউল হক খোন্দকার আশা প্রকাশ করেন, এসব সিদ্ধান্তের ফলে বাজারে আবারও স্থিতিশীলতা ফিরে আসবে। পরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা সাংবাদিকদের বলেন, এখনই বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের ধারণকৃত শেয়ার বিক্রি করতে কোনো বাধ্যবাধকতা রাখছে না কেন্দ্রীয় ব্যাংক।এসইসির সংবাদ সম্মেলন: সংবাদ সম্মেলনে জিয়াউল হক খোন্দকার বলেন, মূল্যসূচক অস্বাভাবিক দ্রুত গতিতে কমতে শুরু করলে লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়। এ ধরনের পরিস্থিতিতে পৃথিবীর সব দেশেই এ রকম পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। আজ মঙ্গলবার পুনরায় লেনদেন শুরু হবে।কিন্তু যখন বর্তমান হারেই মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো ঋণ দিতে পারছে না, তখন ঋণসুবিধা বাড়ানো কেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, শেয়ারের মূল্য কমায় অনেক বিনিয়োগকারীর ক্রয়ক্ষমতা কমে গেছে। বিষয়টি চিন্তা করেই ঋণসুবিধা বাড়ানো হয়েছে। এ সময় সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন, বাজার পতনের পেছনে কারণ কী? জবাবে তিনি বলেন, তারল্য-সংকটের কারণেই শেয়ারবাজারে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এর পেছনে কোনো কারসাজি রয়েছে কি না, পরীক্ষা-নিরীক্ষা না করে তা বলা উচিত হবে না। এসইসির বারবার নীতি পরিবর্তন এ ক্ষেত্রে দায়ী বলে অনেকে মনে করেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজার-পরিস্থিতি অনুযায়ী সব দেশেই নীতি পরিবর্তন হয়ে থাকে। ২০০৭-০৮ সালে যুক্তরাষ্ট্রের বাজার পতনে সময়ও সেখানকার নিয়ন্ত্রক সংস্থাকেও নীতি পরিবর্তন করতে হয়েছে।সংবাদ সম্মেলনে এসইসির সদস্য মনসুর আলম, ইয়াসিন আলী, ডিএসইর সভাপতি শাকিল রিজভী, সিএসইর সভাপতি ফখর উদ্দীন আলী আহমেদ, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ মর্তুজা আহমেদ উপস্থিত ছিলেন।ইয়াসিন আলী বাজারের স্বার্থে গণমাধ্যমকে ইতিবাচক সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, মুদ্রাবাজারে কোনো তারল্য ঘাটতি নেই।তার পরও কেন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো ঋণসুবিধা দিতে পারছে না, এমন প্রশ্ন করা হলে মর্তুজা আহমেদ বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো গ্রাহকদের যে ঋণসুবিধা দিয়ে থাকে, তার বেশির ভাগই আসে ব্যাংকিং চ্যানেল থেকে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার মূলধনের ১৫ শতাংশের বেশি ঋণ দিতে পারে না। এই নিয়মের কারণে বেশির ভাগ মার্চেন্ট ব্যাংক মূল প্রতিষ্ঠান বা ব্যাংকিং চ্যানেল থেকে চাহিদামাফিক ঋণসুবিধা পাচ্ছে না। তাই ব্যাংকিং চ্যানেলে অতিরিক্ত তারল্য থাকলেও তার কোনো সুফল পুঁজিবাজারে মিলছে না। তবে কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি শিথিল করলে আগামীকাল (মঙ্গলবার) থেকে মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ দিতে পারবে। এটা সম্ভব হলে আশা করা যায়, বাজার ঘুরে দাঁড়াবে।সংবাদ সম্মেলনে মার্চেন্ট ব্যাংক ও আন্ডার রাইটারদের বিনিয়োগসীমা বাড়ানোর কথাও বলা হয়। এর আগে এসব প্রতিষ্ঠান পরিশোধিত মূলধনের পাঁচ গুণের বেশি বিনিয়োগ করতে পারত না। কিন্তু আজ থেকে সে ধরনের কোনো সীমা থাকছে না।