কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারও দরপতনের ধারায় চলে গেছে দেশের শেয়ারবাজার। আবারও দরপতনের এই ধাক্কা সামলে উঠতে না পেরে সাধারণ বিনিয়োগকারীরা দিশেহারা। এরই প্রতিক্রিয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গতকাল সোমবার বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা।পুঁজিবাজার তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর কিছুদিন শেয়ারবাজার ছিল স্থিতিশীল। প্রতিবেদন প্রকাশ নিয়ে সরকারের অহেতুক বিলম্বে বাজার হয়ে উঠেছিল অস্থিতিশীল। প্রতিবেদন প্রকাশ করার পর বিভিন্ন সুপারিশ বাস্তবায়নে আবার বিলম্ব বাজারকে দরপতনের দিকে নিয়ে যাওয়ায় সাধারণ বিনিয়োগকারীরা রাস্তায় নেমেছেন। রাজধানীর মতিঝিল এলাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’-এর ব্যানারে গতকাল অবস্থান ধর্মঘট ও অনশন কর্মসূচি পালন করেছে বিনিয়োগকারীদের একটি অংশ। কর্মসূচিতে অংশ নেওয়া অনেক বিনিয়োগকারীর হাতে ছিল নানা বক্তব্যসংবলিত প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, ‘শেয়ারবাজার ভালো করো, নইলে বুকে গুলি করো’; ‘আর কত ধৈর্য ধরব’; ‘আমরা নিঃস্ব আমাদের বাঁচান’ ইত্যাদি।এ সময় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অনেককেই ডিএসইর সামনের সড়কে শুয়ে কান্নাকাটি করতে দেখা গেছে। আবার কেউ কেউ বিভ্রান্তের মতো ছোটাছুটি করছেন। একজন বিনিয়োগকারী কাঁদতে কাঁদতে প্রথম আলোকে বলেন, ‘২৩ লাখ টাকা বিনিয়োগ করেছিলাম। এর মধ্যে আমার নিজের টাকা ছিল ১১ লাখের মতো। আর বাকিটা মার্চেন্ট ব্যাংকের ঋণ। টানা দরপতনের কারণে শেয়ারের মূল্য ১৩ লাখ টাকায় নেমে এসেছে। সেই হিসাবে এখন নিজের এক লাখ টাকা আছে মাত্র।’ আতাউর রহমান নামের এই বিনিয়োগকারী আরও বলেন, ‘যেকোনো সময় মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ সমন্বয়ের জন্য চাপ দিয়ে শেয়ার বিক্রি করে দিলে (ফোর্সড সেল) আমি শেষ হয়ে যাব। তখন আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না।’ এদিকে, তদন্ত প্রতিবেদনে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার আগে শুরুতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠনের সুপারিশ থাকলেও এ নিয়ে তেমন অগ্রগতি নেই। এখনো নতুন চেয়ারম্যান নিয়োগ হননি। তবে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের অতি উৎসাহে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দুজন সদস্য। যদিও এই দুই সদস্যের বিরুদ্ধে তদন্ত কমিটির কোনো ধরনের অভিযোগ ছিল না, বরং অভিযুক্ত ব্যক্তিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন এসইসিতে। এসব কারণে বিনিয়োগকারীরাও কোনো আস্থা ফিরে পাচ্ছেন না।বিনিয়োগকারীদের অনশন: প্রত্যক্ষদর্শীরা জানান, আগের দিনের মতো গতকালও দরপতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। এর প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে বিনিয়োগকারীরা পূর্বঘোষণা অনুযায়ী ডিএসইর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি শুরু করেন। দুপুর ১২টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০০ পয়েন্টের মতো কমে গেলে মতিঝিলের বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে আতঙ্কিত বিনিয়োগকারীরা বেরিয়ে এসে কর্মসূচিতে যোগ দেন।এ সময় সংক্ষিপ্ত সমাবেশ থেকে পুঁজিবাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এসইসির চেয়ারম্যান ও ডিএসইর সভাপতিকে দায়ী করে তাঁদের পদত্যাগের দাবি তোলা হয়। সমাবেশে ঐক্য পরিষদের আহ্বায়ক মিজান উর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, সদস্য-সচিব জাহাঙ্গীর আলম, শাহাদাত উল্লাহ ফিরোজ, এম এ তারেক, গোলাপ হোসেন, আনোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।সমাবেশে বিনিয়োগকারীদের পক্ষ থেকে দুটি প্রচারপত্র বিলি করা হয়। এর একটিতে দরপতন ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য লেনদেন বন্ধ, ২৪ ঘণ্টার মধ্যে অর্থমন্ত্রীর পদত্যাগ, ৭২ ঘণ্টার মধ্যে এসইসির পুনর্গঠন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ, বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতিপূরণসহ ১০ দফা দাবি জানানো হয়।অন্য প্রচারপত্রে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী, শেয়ারবাজারের অসহায় বিনিয়োগকারীরা আপনার প্রতিপক্ষ নয়।’ এ ছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত বিধিবদ্ধ জমার হার (এসএলআর ও সিআরআর) কমানো এবং শেয়ারবাজার থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্জিত মুনাফার টাকা আবার বিনিয়োগের ব্যবস্থার দাবি জানানো হয়। একই সঙ্গে পুঁজিবাজারে কারসাজির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে যেসব বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানের নাম এসেছে, তাদের কমপক্ষে তিন বছর টাকা তোলা যাবে না—এই শর্তে আবার বিনিয়োগে বাধ্য করার দাবিও জানানো হয়।কর্মসূচি চলাকালে হঠাৎ করেই শেয়ারবাজারের মূল্যসূচক আবার বাড়তে শুরু করে। তবে সূচক বাড়লেও বিনিয়োগকারীদের কর্মসূচি চলে লেনদেনের পুরো সময়টায়। এ সময় দুই বিনিয়োগকারী অসুস্থ হয়ে পড়লে তাঁদের স্যালাইন দেওয়া হয়। কর্মসূচি চলাকালে বেলা সাড়ে ১১টা থেকে তিনটা পর্যন্ত মতিঝিল শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। লেনদেন শেষে বিনিয়োগকারীরা কর্মসূচি শেষ করলে যান চলাচল স্বাভাবিক হয়। কর্মসূচিতে আসার পথে পুলিশ আমির হোসেন নামের এক বিনিয়োগকারীকে আটক করলেও বেলা দুইটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।বাজার-পরিস্থিতি: পতনের মধ্য দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক বেড়েছে। তবে দিনভর সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো। ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২৭ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৬৩৯ পয়েন্টে দাঁড়ায়। কিন্তু ডিএসইতে বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ১৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৬৮৫ পয়েন্টে নেমে আসে। সার্বিক মূল্যসূচক কমলেও স্টক এক্সচেঞ্জটির অপেক্ষাকৃত ভালো মৌল ভিত্তির কোম্পানি নিয়ে গঠিত সিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়েছে। হঠাৎ সূচক বাড়ার কারণ অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ফান্ডসহ সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকার কারণেই সূচক বেড়েছে। বাংলাদেশ ফান্ডের মূল উদ্যোক্তা প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান বলেন, শেয়ারবাজারে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বাংলাদেশ ফান্ডের মাধ্যমে স্বাভাবিক মাত্রায় বিনিয়োগ করা হয়েছে। এতে হয়তো পতনমুখী বাজার স্বাভাবিক ধারায় ফিরে এসেছে। তিনি বলেন, বাংলাদেশ ফান্ডের বিনিয়োগ নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। এসব দিকে কান না দিয়ে বিনিয়োগকারীদের ধৈর্যের সঙ্গে বিনিয়োগ করতে হবে। বাজারের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। ডিএসইতে গতকাল ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৭৬টির ও অপরিবর্তিত ছিল পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে এ দিন ৪২৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি টাকা কম। সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৩টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত ছিল ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৬৫ কোটি টাকার লেনদেন হয়েছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মন্তব্য: বাজারের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলেন, শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরকার উভয় সংকটে রয়েছে—একদিকে বাজারের স্থিতিশীলতা প্রতিষ্ঠা, অন্যদিকে বাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা পুনর্গঠনসহ দোষীদের শাস্তি প্রদান। যোগাযোগ করা হলে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেনিথ ইনভেস্টমেন্ট লিমিটেডের আরিফ খান প্রথম আলোকে বলেন, ‘শেয়ারবাজার নিয়ে সরকার, বাংলাদেশ ব্যাংক, এসইসি থেকে শুরু করে বাজারসংশ্লিষ্ট সবাই ভুল করেছে। সেই ভুলের প্রায়শ্চিত্ত এখন করতে হচ্ছে।’ তিনি বলেন, এ ভুল যাতে ভবিষ্যতে না হয়, সে জন্য সংশ্লিষ্ট সব পক্ষকেই সমন্বিতভাবে কাজ করতে হবে।আরিফ খান বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে এক মাস হতে চলল। কিন্তু প্রতিবেদনের ভিত্তিতে সরকারের পদক্ষেপগুলো এখনো দৃশ্যমান হয়নি। এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নানা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এ অনিশ্চয়তার মধ্যে অনেক বিনিয়োগকারী নিষ্ক্রিয় রয়েছেন। তা ছাড়া ব্যাংকগুলো চরম তারল্য-সংকটে ভুগছে। তাদের ঋণ ও আমানতের অনুপাত ঠিক করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এ জন্য একদিকে যেমন তারা নতুন ঋণ ছাড় করতে পারছে না, অন্যদিকে উচ্চ হারে আমানত সংগ্রহ করছে। ফলে পুঁজিবাজারে বিনিয়োগের পরিমাণও বাড়াতে পারছে না। এ ধরনের পরিস্থিতিতে শেয়ারবাজারে বিনিয়োগ কমবে, এটা অস্বাভাবিক নয়। গায়েবানা জানাজা: ডিএসইর সামনে বিনিয়োগকারীদের অবস্থান ধর্মঘট ও অনশন কর্মসূচির পর গায়েবানা জানাজা পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। রনি জামান (২৩) নামের টঙ্গীর এক বিনিয়োগকারী পুঁজি হারিয়ে গত রোববার আত্মহত্যা করায় এ জানাজা পড়া হয়।চট্টগ্রাম ও বগুড়ায় বিক্ষোভ: পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে বন্দরনগর চট্টগ্রাম ও উত্তরবঙ্গের জেলা শহর বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়। ইনভেস্টরস ফোরামের ব্যানারে একদল বিনিয়োগকারী গতকাল দুপুরে সিএসইর কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। তবে এ নিয়ে কোনো বড় ধরনের অঘটন ঘটেনি। পরে তাঁরা সিএসই কর্তৃপক্ষের কাছে আট দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন। ইনভেস্টরস ফোরামের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের বলেন, ‘আমরা সর্বস্বান্ত হয়ে গেছি বলেই রাস্তায় নেমেছি এবং নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানিয়েছি। সিএসই কর্তৃপক্ষের কাছে আট দফা দাবির স্মারকলিপি দিয়েছি। তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে বলেছে।’ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের করপোরেট ডেভেলপমেন্ট ম্যানেজার এ কে এম শাহরোজ আলম স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। আমাদের বগুড়া প্রতিনিধি জানান, দুপুর ১২টায় বগুড়া শহরে বড়গোলার আইসিবিসহ সব ব্রোকারেজ হাউস থেকে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে মিছিল করেছেন। মিছিলটি শহরের থানা রোড, সাতমাথা ও বড়গোলা সড়ক প্রদক্ষিণ করে। পরে আইসিবি কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ করা হয়। ইয়াসিন আলীর পদত্যাগ: পদত্যাগপত্র জমা দিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য মো. ইয়াছিন আলী। তিনি গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে গিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীর কাছে পদত্যাগপত্র জমা দেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বরাবর পেশ করা পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। এর আগে গত রোববার কমিশনের আরেক সদস্য মো. আনিসুজ্জামান পদত্যাগ করেন। পদত্যাগপত্র পেশের বিষয়টি নিশ্চিত করে মো. ইয়াছিন আলী সাংবাদিকদের বলেন, ‘এসইসি পুনর্গঠনে সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েই পদত্যাগপত্র পেশ করেছি।’