পুঁজিবাজার ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, বাজার একটু ওঠানামা করবে—এটাই স্বাভাবিক। তবে এখন যে অবস্থা, তা খুবই ভালো।আজ বুধবার সন্ধ্যায় সচিবালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থমন্ত্রী এ কথা বলেন। এর আগে বিএপিএলসির ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি।বৈঠকে বিএপিএলসি সভাপতি সালমান এফ রহমান, সহসভাপতি এ কে এম আজিজুর রহমান, নির্বাহী কমিটির সদস্য আনিস এ খান, এ কে এম রফিকুল ইসলাম, এম শামসুর রহমান, মাহবুবউদ্দিন মাহবুব, এ বি এম হারুন, নাসির এ চৌধুরী, সৈয়দ তারেক মো. আলী প্রমুখ উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, ‘গত বছর সবচেয়ে বড় ভুল ছিল ঘন ঘন নিয়মনীতি পরিবর্তন করা। তবে বর্তমান কমিশনের কাজে আমি খুশি। তারা অনেক বিধি-বিধান পরিবর্তনের কাজে হাত দিয়েছে। কিছু উদ্যোগ অবশ্য আগের চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারই শুরু করে গিয়েছিল।’সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, কিছু কোম্পানি প্রস্তুতি নিয়েছে। কয়েকটা কোম্পানির আরও কিছু সময় লাগবে।বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) প্রতিষ্ঠিত হওয়ায় বাজারের জন্য কিছু দক্ষ লোক তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।শেয়ারের সরবরাহ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরবরাহ বাড়ছে ও বাড়বে। বেসরকারি খাত থেকে অনেক প্রস্তাব আসছে। তাদের অনেক টাকার দরকার।বিএপিএলসি পুঁজিবাজারের জন্য বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরে। এগুলো হচ্ছে বড় পরিশোধিত মূলধনের শেয়ারকে মূল বাজারে রেখে ছোট পরিশোধিত মূলধনের শেয়ার ও জেড ক্যাটাগরির শেয়ার আলাদা বাজারে লেনদেনের ব্যবস্থা করা, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সময় সংগ্রহ করা প্রিমিয়ামের অর্থের ওপর করারোপ না করা, শেয়ারের পরিমাণ অনুযায়ী তালিকাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে করের হার নির্ধারণ করা।সালমান এফ রহমান বলেন, বাজার অস্থিতিশীল হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, বাজারের প্রতি আস্থা ফিরতে সময় লাগবে। কিন্তু অল্প সময়ের মধ্যেই বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে। সেই আস্থা এখন ধরে রাখতে হবে। তার জন্য দরকার শেয়ার সরবরাহের।সালমান রহমান আরও বলেন, গত বছর যখন বাজার উঠছিল, তখন বিধি-বিধান দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। অথচ সরবরাহ বাড়িয়ে দিলে সমস্যা হতো না। তিনি বলেন, বাজারে সূচক কোনো বিষয় নয়। কারণ নতুন শেয়ার প্রবেশ করলে সূচক বাড়বেই।তবে বিএপিএলসির কোনো প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেননি অর্থমন্ত্রী।