পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেয়ারবাজারের বর্তমান অবস্থা নিয়ে কাল বুধবার জরুরি বৈঠক করবেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী ওই বৈঠক করবেন বলে জানা গেছে। কাল সন্ধ্যা সাতটার দিকে বৈঠকটি গণভবনে অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান।বৈঠকে শেয়ারবাজারের টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের বিষয় নিয়ে আলোচনা হবে বলে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানিয়েছেন।এর আগে বিকেলে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তিনি প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বাজারকে স্থিতিশীল করার জন্য সরকারের পক্ষে করণীয় সবকিছু করার আশ্বাস দিয়েছেন।