পুঁজিবাজার-ব্যাংকের টুকিটাকি কাজেও হস্তক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আর্থিক খাত সংস্কারের কাজগুলোর প্রাণ যেতে বসেছে। তাদের সাম্প্রতিক কিছু নির্দেশনা আর্থিক খাতকে সংস্কারের উল্টোপথে টেনে নিয়ে যাচ্ছে।দেশীয় বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় প্রায় দুই দশক ধরে স্বচ্ছতা ও পেশাদারি তৈরির জন্য আর্থিক খাতের সংস্কার কর্মসূচি চলছে। এ কাজে সরকার ও আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ও হয়েছে।সূত্রগুলো বলছে, অর্থ মন্ত্রণালয়ে সদ্য গঠিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এখন সরকারের মালিকানাধীন ব্যাংক ও শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির টুকিটাকি কাজেও হস্তক্ষেপ করছে। এত দিন এসব কোম্পানির নিয়ন্ত্রণকারী সংস্থা যে কাজগুলোকে কোম্পানি আইনের আওতায় নিজ নিজ প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছিল, মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এখন সেসব বিষয়েও তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।এতে করে নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কর্তৃত্ব ও ক্ষমতার বিষয়টি প্রশ্নবোধক হয়ে পড়ছে। আর এর সুযোগ নিতে প্রতিষ্ঠানগুলোও রাজনৈতিক প্রভাববলয় তৈরির চেষ্টায় সক্রিয় হয়ে উঠেছে।এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি আগেও বলেছি, অর্থ মন্ত্রণালয়ে এই বিভাগের কোনো প্রয়োজন নেই।’মির্জ্জা আজিজ বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক দক্ষতার সঙ্গে কাজ করছে। পুঁজিবাজারের জন্য এসইসি আছে। তাকে শক্তিশালী করতে হবে। আর বিমা কোম্পানিগুলোর জন্যও নতুন নিয়ন্ত্রক সংস্থা তৈরির আইন হয়েছে। ফলে অর্থ মন্ত্রণালয়ের এ ক্ষেত্রে ভূমিকা হবে কার্যত পোস্ট অফিসের।মির্জ্জা আজিজ আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের কোনো ধরনের হস্তক্ষেপই এখানে থাকা উচিত নয়। জাতীয় প্রশ্ন ও জরুরি বিষয় দেখা দিলে সংস্থাগুলোকেই সামাল দেওয়ার দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে সরকার পরামর্শ দিতে পারে। তিনি বলেন, ‘সংস্থার প্রধানদেরও আইনে দেওয়া ক্ষমতা প্রয়োগে দক্ষতা দেখাতে হবে। যদি কর্তৃত্ব প্রয়োগ করতে না চান, একবার আত্মসমর্পণ করে বসেন, তাহলে এ ঘটনা বারবারই ঘটবে।’ব্যাংক খাত: সম্প্রতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের বিভিন্ন স্তরের নিয়োগ ও পদোন্নতির বিষয়ে এক আদেশ দিয়েছে। এই আদেশের মাধ্যমে মন্ত্রণালয় এখন থেকে ব্যাংকগুলোর নিয়োগ ও পদোন্নতিতে সরাসরি জড়িয়ে পড়বে।৫ মে এই বিভাগের নির্দেশে বলা হয়েছে, ‘সরকারি মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বা পদোন্নতি কমিটি গঠনে সরকারের অনুমোদন নিতে হবে। এরূপ কমিটি নিয়োগ বা পদোন্নতির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পাদন করে যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ উপস্থাপন করবে। নিয়োগ বা পদোন্নতির লক্ষ্যে সাক্ষাৎকার গ্রহণের জন্য নিয়োগ বা পদোন্নতি কমিটির সিদ্ধান্তের আলোকে একাধিক বোর্ড গঠন করা যাবে।’এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে (রূপালী ব্যাংক বাদে) মহাব্যবস্থাপক (জিএম) পর্যায় পর্যন্ত পদোন্নতির কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক নেবে। তবে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদের জন্য সরকারের কাছে চিঠি লিখতে হবে এবং এর পরিপ্রেক্ষিতে সরকার নিয়োগ দেবে।সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংককে কোম্পানিতে রূপান্তরের পর আইনগতভাবে তারা আর সরকারের নিয়ন্ত্রণে নেই। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ ও বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ অনুযায়ী, ব্যাংক কোম্পানির নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংকগুলোতে নিয়োগ ও পদোন্নতির বিষয়েও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা রয়েছে। নীতিমালা অনুসারে ব্যাংকের পরিচালনা পর্ষদ শীর্ষ দুই পর্যায় পর্যন্ত কর্মকর্তা নিয়োগ দেবে। প্রধান নির্বাহী নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। নীতিমালায় সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতির ক্ষমতা দেওয়া হয়েছে প্রধান নির্বাহীর হাতে। এ বিষয়ে পর্ষদ প্রয়োজনে নীতিমালা তৈরি ও কমিটি গঠন করে দিতে পারে।এর আগে গত ২১ মার্চ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে এক সভায় রাষ্ট্রীয় মালিকানাধীন সব ব্যাংকের কার্যক্রম নিয়মিতভাবে পর্যালোচনা ও নির্দেশনা জারি করে নিবিড়ভাবে তদারকির সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য কর্মসম্পাদন নির্দেশক (পারফরম্যান্স ইনডিকেটর) তৈরি করে দিচ্ছে সচিবালয়। ওই সূচকের ভিত্তিতে সচিবালয়ে নিয়মিত প্রতিবেদন পাঠাতে হচ্ছে। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পর্ষদ সভার কার্যবিবরণীও সচিবালয়ে পাঠাতে হচ্ছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কাজে এখনো কোনো সমস্যা হচ্ছে না। আইনি ক্ষমতার মধ্যেই তাঁরা কাজ করতে পারছেন। অবশ্য তিনি বলেন, আইনের মধ্যে থেকেই যার যার কাজ করা ভালো।পুঁজিবাজার: দেশের পুঁজিবাজার উন্নয়নে ১৯৯৭ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আট কোটি ডলারের ঋণে সংস্কারকাজ শুরু হয়। সংস্কারকাজের সুফল পায় পুঁজিবাজারও। অর্থ মন্ত্রণালয়ের কোনো প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়াই এগিয়ে যায় দেশের পুঁজিবাজার। বাজারে নজরদারি, ব্যবস্থাপনা ও উন্নয়নে স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০০৯ সাল পর্যন্ত। কিন্তু সাম্প্রতিক নতুন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির লাইসেন্স দেওয়া, কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ, পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির সিদ্ধান্ত এসেছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে।সর্বশেষ যে সিদ্ধান্তটি দেওয়া হয়েছে, সেটি হলো কোম্পানির অভিহিত মূল্য ১০ টাকায় পরিবর্তন। যদিও ১৯৯৪ সালের কোম্পানি আইনে শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণের ক্ষমতা নিবন্ধিত কোম্পানিকে দেওয়া আছে। কিছু প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করলে যেকোনো তালিকাভুক্ত কোম্পানি তাদের অভিহিত মূল্য পরিবর্তনের ক্ষমতা রাখে। ফলে অর্থ মন্ত্রণালয় ও এসইসির এ নিয়ে বারবার আলোচনা ও সিদ্ধান্ত পরিবর্তনে বাজারে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এতে বাজারে বিশেষত ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের দামে বড় ধরনের ওঠানামা হচ্ছে।এসব বিষয়ে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারও তাঁদের কাজে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কথা অস্বীকার করেন। অভিহিত মূল্য ১০ টাকায় পরিবর্তনসংক্রান্ত নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, এটা বেশ আগের ঘটনা।