পুঁজিবাজার-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।এ ছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধিত) আইন, ২০১২-এর খসড়াও নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে এসইসিকে শেয়ারবাজারের বিষয়ে তদন্তের প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংককে জানিয়ে যেকোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করার ক্ষমতা দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধিত) আইন, ২০১২-এর খসড়ায় এসইসির চেয়ারম্যান ও সদস্যদের পদের মেয়াদ এক বছর বাড়িয়ে চার বছর করার কথা বলা হয়েছে। তাঁরা শুধু এক মেয়াদের জন্য পুনর্নিয়োগের যোগ্য হবেন।এসইসি সূত্র জানিয়েছে, খসড়ায় আরও বলা হয়, সংস্থাটি সরকারের অনুমোদনক্রমে দেশি-বিদেশি কর্তৃপক্ষ বা সংস্থার সঙ্গে সিকিউরিটিজ-সম্পর্কিত সহযোগিতা ও তথ্য বিনিময় চুক্তি করতে পারবে। অনুমোদিত সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে প্রয়োজনীয় নিয়োগ দিতে পারবে। এর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ হবে। এ ছাড়া নিজের অর্জিত অর্থ দিয়ে যেকোনো ব্যয় নির্বাহ করতে পারবে কমিশন।কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা করা হলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালতে যাওয়ার আগে এসইসিকে জরিমানার ১৫ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে।১৯৯৩ সালের এ সংক্রান্ত আইন যুগোপযোগী করতে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।এদিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) অধ্যাদেশের খসড়ায় বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা ছাড়াও শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর লেনদেন স্থগিতের মেয়াদ ১৪ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করার প্রস্তাব করা হয়েছে।‘শুদ্ধাচার কৌশলপত্র’: মন্ত্রিপরিষদের বৈঠকে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ নামের একটি কৌশলপত্রের খসড়াও অনুমোদন করা হয়। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর শিরোনাম হবে ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়’ আর উপশিরোনাম হবে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’। ইংরেজি নাম হবে ‘ন্যাশনাল ইন্টেগ্রিটি অব বাংলাদেশ’।কৌশলপত্রে প্রশাসনকে পেশাদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘নাগরিক বান্ধব’ করা এবং নির্বাহী বিভাগকে জনগণ ও সংসদের কাছে দায়বদ্ধ থাকার কথা বলা হয়েছে। এটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি করা হবে। সচিব বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য এটা করা হয়েছে।