নিয়ন্ত্রক সংস্থা বলে এখন কার্যত কিছু নেই কারসাজিকারীরা এখনো সক্রিয়, বিনিয়োগে নিষ্ক্রিয়
পুঁজিবাজার স্থবির, ক্রেতা নেই
ষাঁড়ের তেজ আগেই উধাও। শেয়ারবাজার যেন ভালুকের কবলেও নেই। ভালুকেরও এখন মরণ দশা। দেশের পুঁজিবাজার মৃতপ্রায়। আর এই বাজারে বিনিয়োগ করে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী সবকিছু হারিয়ে চরম হতাশ, অসহায় ও দিশেহারা।পুঁজিবাজার তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে এক মাস চার দিন আগে, ৭ এপ্রিল। প্রতিবেদনটি অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন ৩০ এপ্রিল। এ সময় তিন মেয়াদে ৩৬ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। একটি টাস্কফোর্স গঠনেরও সিদ্ধান্ত ছিল। কিন্তু এত দিনেও তেমন কোনো ক্ষেত্রেই কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাজারে কোনো তদারকি নেই, বরং বাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা নানাভাবে বাজারকে প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছেন।শেয়ারবাজার এখন টানা দরপতনের ধারায়। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা থাকায় প্রতিদিনই কমছে মূল্যসূচক, সেই সঙ্গে কমছে লেনদেনের পরিমাণ। এই অবস্থায় পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড দিয়ে বাজারকে কৃত্রিমভাবে আবারও ঠেলে ওপরে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। যদিও বাজার বিশেষজ্ঞরা মনে করেন, আর্থিক সংকট নয়, বাজারের সমস্যা এখন আস্থার অভাব। আস্থার এই সংকট না কাটলে বাজারও ফিরবে না ইতিবাচক ধারায়।এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী মনে করেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরও দীর্ঘদিন ধরে এসইসির পুনর্গঠন-প্রক্রিয়া ঝুলে থাকাই সবচেয়ে বড় বিষয়। তিনি বলেন, এসইসির দুজন সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে, হয়তো চেয়ারম্যানও সরে যাবেন। কিন্তু এখনো একজন সদস্য ছাড়া নতুন আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে কার্যত এখন নিয়ন্ত্রক সংস্থা বলে কিছু নেই। এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। তাই পুনর্গঠনের কাজটি তাড়াতাড়ি করে ফেলা দরকার, যাতে পুনর্গঠিত কমিশন নব-উদ্যমে কাজ শুরু করতে পারে।ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, এসইসি পুনর্গঠনের পরপরই তদন্ত প্রতিবেদনের যে সুপারিশগুলো সরকার গ্রহণ করেছে, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে কোনগুলো করা হবে, আরও কোনগুলো করা হবে না, সেটিও দ্রুত পরিষ্কার করতে হবে। তা না হলে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার প্রভাব থেকেই যাবে।দুই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন: গতকাল বুধবার দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ কমেছে আশঙ্কাজনক হারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মাত্র ৩০৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসের ২০ ও ২৫ তারিখের অস্বাভাবিক লেনদেনকে বাদ দিলে গত দুই বছরের মধ্যে এটাই সর্বনিম্ন। এর আগে ২০০৯ সালের ১৯ ফেব্রুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল ৩০২ কোটি টাকা, আর চলতি বছরের ২০ জানুয়ারি ৬৮ কোটি টাকা লেনদেন হয়েছিল। সূচকের ওপর সার্কিট ব্রেকার থাকায় ওই দিন মাত্র পাঁচ মিনিটেই লেনদেন বন্ধ হয়ে যায়। ২৫ জানুয়ারি বেশির ভাগ শেয়ারের দাম বাড়ার সর্বোচ্চ সীমায় আটকে যাওয়ায় লেনদেন হয় ২০৬ কোটি টাকার। ডিএসইর শীর্ষস্থানীয় একটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী প্রথম আলোকে বলেন, বাজার ধসের আগে তাঁদের এককভাবেই গড়ে ১০০ কোটি টাকার ওপর লেনদেন হতো, এখন তা ৩০-৩৫ কোটি টাকায় নেমে এসেছে। বাজারের মন্দা দীর্ঘস্থায়ী হলে খরচ কমাতে কর্মী ছাঁটাই করা ছাড়া উপায় থাকবে না। ব্রোকারেজ হাউসগুলো ঘুরে দেখা গেছে, কয়েক দিন ধরেই হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম। আবার অনেকে হাউসে এলেও তাঁরা লেনদেনে সক্রিয় হচ্ছেন না। অনেক ঢাকঢোল পিটিয়ে খোলা ঢাকার বাইরের ব্রোকারেজ হাউসের শাখাগুলোর অবস্থা আরও সঙিন বলে জানা গেছে।এসইসি পুনর্গঠনের উদ্যোগ নেই: খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা আছে, পুঁজিবাজার বিনষ্টকরণে এসইসির ভূমিকা, নিয়ন্ত্রক সংস্থা হয়েও মার্কেট প্লেয়ারদের পরামর্শে পরিচালিত হওয়া এবং তাদের যোগসাজশে অনৈতিক কর্মে বৈধতা প্রদান, বাজার নিয়ন্ত্রণে দুর্বলতা ও শৈথিল্য প্রদর্শন প্রভৃতি কারণে এসইসির ভাবমূর্তি অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। কমিটি এসইসির চেয়ারম্যান এবং দুই নির্বাহী পরিচালককে অপসারণ করে দ্রুত সংস্থাটির পুনর্গঠন করে সংস্কার কার্যক্রম পরিচালনার সুপারিশ করেছিল। কমিটি মনে করে, এখনকার বড় পুঁজিবাজার পরিচালনার মতো জনবল, দক্ষতা বা নৈতিকতা কোনোটাই তাদের নেই।এই সুপারিশ মানা হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত সুপারিশ বাস্তবায়িত হয়নি, বরং উল্টোটা হয়েছে। একরকম জোর করেই এসইসির দুই সদস্য ইয়াছিন আলী এবং এস আনিসুজ্জামানকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। যদিও এই দুজনের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেনি তদন্ত কমিটি। এই দুই সদস্যের পদত্যাগ করানোর ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতি উৎসাহের পেছনে সরকারের একটি অংশের প্রভাব ছিল বলেও জানা গেছে।সূত্র জানায়, এসইসির নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়েও শুরু হয়েছে নানা টালবাহানা। প্রথমে একটি আর্থিক প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালককে নতুন চেয়ারম্যান করা প্রায় চূড়ান্ত হয়েছিল। সাবেক বিএনপি সরকারের সময়েও একই ব্যক্তিকে চেয়ারম্যান করার চেষ্টা হয়েছিল। এই ব্যক্তির নানা অনিয়ম নিয়ে ২০০০ সালে বাংলাদেশ ব্যাংক বিস্তারিত তদন্ত করেছিল। এমনকি তাঁকে বঙ্গবন্ধুর খুনির লালনকারী বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ফলে এই নামটি বাদ দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে এসইসির আগের চেয়ারম্যানকে রেখে দেওয়ার একটি উদ্যোগ চলছে বলে সূূত্র জানায়। তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী এ চেষ্টা চালাচ্ছেন। নিজেদের রক্ষা করতে এবং হঠাৎ ধস নামায় বাজার থেকে আরও অর্থ তোলার অসমাপ্ত কাজ শেষ করতে এই ব্যবসায়ী গোষ্ঠী এখনো সক্রিয় বলে জানা গেছে। এরা এখন নিজেদের পছন্দমতো এসইসি গঠন করতে চায়।উল্লেখ্য, তদন্ত কমিটি সরকারকে সালমান এফ রহমান ও রকিবুর রহমানকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রতিবেদনে লিখেছিল, এসইসি পরিচালনায় দুজনেরই অনাকাঙ্ক্ষিত প্রভাব ছিল। এ কারণে সাধারণ্যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তা ছাড়া মার্কেট প্লেয়াররা এসইসির ওপর প্রভাব বিস্তারে সক্ষম হলে এসইসি অকার্যকর হয়ে পড়বে এবং আবারও বাজারে বিপর্যয় ঘটবে।নিষ্ক্রিয় বিনিয়োগকারী: শেয়ারবাজারের বড় বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় রয়েছেন বলে জানা গেছে। বিশেষ করে যাদের নাম তদন্ত প্রতিবেদনে রয়েছে, তাঁরা বাজার থেকে দূরে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে, তা এখনো পরিষ্কার নয়। আর এই সুযোগ নিয়ে এসব বিনিয়োগকারী উল্টো সরকারকে চাপে ফেলতে বিনিয়োগ করছেন না বলে জানা গেছে। তাঁরা দেখাতে চাচ্ছেন, তাঁদের ছাড়া শেয়ারবাজার চলবে না।এ ছাড়া আসন্ন বাজেটে পুঁজিবাজার নিয়ে কী ধরনের প্রস্তাব থাকবে, সেসব নিয়েও রয়েছে নানা অনিশ্চয়তা ও গুজব। এ কারণেও অনেক বিনিয়োগকারী নতুন বিনিয়োগে এগিয়ে আসছেন না বলে জানা গেছে।ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, সামগ্রিকভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য একটি বড় উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। মূল্যস্ফীতি কমাতে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। সংকোচনমূলক বলা না হলেও কার্যত মুদ্রা সংকোচনের নীতি নেওয়া হয়েছে। এই অবস্থায় বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে খুব কমই উদ্বৃত্ত অর্থ থাকছে। ফলে মুদ্রাবাজার থেকে পুঁজিবাজারে অর্থের প্রবাহ সীমিত হয়ে গেছে। এই অবস্থা থেকে বাজারকে সচল করতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অগ্রণী ভূমিকা নিতে হবে। এসইসির এই সাবেক চেয়ারম্যান মনে করেন, বর্তমানে শেয়ারের দাম যে জায়গায় পৌঁছেছে, তাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু তাঁরা সেই সুযোগ গ্রহণের জন্য এগিয়ে আসছেন না। এ ক্ষেত্রে তারল্য-সংকট একটা বড় কারণ হতে পারে। আবার দাম আরও কমবে—এ আশঙ্কায় তাঁরা হয়তো অপেক্ষা করছেন, বিনিয়োগে যাচ্ছেন না। এর বাইরে বাজেট সামনে রেখে নানা গুজবের কারণেও বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় রয়েছেন বলে মনে হয়। ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের মূলধনি মুনাফার ওপর কর বসানো হবে কি না, বেনিফিশিয়ারি হিসাব (বিও) খোলার সময় করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হচ্ছে কি না, এ প্রশ্নগুলো হয়তো তাঁদের বাজার থেকে কিছুটা দূরে রাখতে পারে। এ ছাড়া সরকারি চাকরিজীবীরা শেয়ারবাজারে অংশগ্রহণ করতে পারবেন কি না, এই অনিশ্চয়তার কারণে সরকারি চাকরিতে রয়েছেন, এমন অনেক বিনিয়োগকারী বাজারে নিষ্ক্রিয় থাকতে পারেন। এ ধরনের অনেকগুলো কারণ মিলিয়ে বাজারে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।গতকালের বাজার: ডিএসইতে গতকালও আগের দিনের ধারাবাহিকতায় সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ৫০ মিনিটে সূচক ৭০ পয়েন্টের বেশি নেমে যায়। এরপর সূচক বেশ কয়েকবার ওঠানামা করে। লেনদেনের শেষ দিকে সূচক কিছুটা পুনরুদ্ধার হলেও দিনশেষে সাধারণ মূল্যসূচক ৩৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪৮৩ পয়েন্টে দাঁড়ায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকও ১৯৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৩১৩ পয়েন্টে নেমে আসে। সার্বিক পরিস্থিতি নিয়ে ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, সামগ্রিকভাবেই বাজার এখন স্থবির হয়ে গেছে। কোনো কিছুই যেন এগোচ্ছে না। নতুন কোনো কোম্পানিও আসছে না। বাজারে গতি সঞ্চারের জন্য নতুন নতুন কোম্পানিকে বাজারে আসার সুযোগ করে দিতে হবে। বুক বিল্ডিং পদ্ধতিটি স্থগিত রাখা হয়েছে। এ পদ্ধতির যেখানে সংস্কার দরকার, সেটা দ্রুত করে যেসব কোম্পানি বাজারে আসার অপেক্ষায় ছিল, তাদের নিয়ে আসতে হবে। আবার বাংলাদেশ ফান্ডের মাধ্যমে কৃত্রিমভাবে বাজারকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। দীর্ঘ মেয়াদে এটি বাজারের জন্য ভালো হবে না।