প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা হবে। পুঁজিবাজার স্থিতিশীল করতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বিদ্যামান বাজার পরিস্থিতি বিবেচনা করে সরকার সেসব সহানুভুতিশীল পদক্ষেপ গ্রহণ করবে। আজ রোববার সন্ধ্যায় পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক শেষে সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য হেলাল উদ্দিন নিজামী সাংবাদিকদের এসব কথা বলেন।শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি-২-তে পুঁজিবাজার নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। হেলাল উদ্দিন বলেন, ‘ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, আজও অর্থমন্ত্রী একই নির্দেশ দিয়েছেন। সরকার অত্যন্ত সহানুভূতি ও গুরুত্বের সঙ্গে সঙ্গে বিষয়টি দেখছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য সরকার বদ্ধপরিকর। এক্ষেত্রে পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বিদ্যমান বাজার পরিস্থিতি বিবেচনা করে সরকার সেসব সহানুভূতিশীল পদক্ষেপ ধাপে ধাপে গ্রহণ করবে।’আজকের আলোচনা সফল ও সার্থক হয়েছে উল্লেখ করে এসইসির সদস্য বলেন, ‘শেয়ারবাজারের খুটিনাটি সব বিষয় স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আমাদের আলোচনায় সকলে অংশ নিয়েছেন। আলোচনার বিষয় অচিরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’হেলাল উদ্দিন বলেন, ‘গত কয়েকদিন ধরে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক অনেক বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছে। যেটি আমরা আগামীকাল জানাতে পারব।’ তিনি আরও বলেন, আমাদের কিছু খুটিনাটি বিষয় পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে। আইনগত দিকগুলোর কিছু খুটিনাটি বিষয় পরীক্ষা করতে হবে। এগুলো বিচার বিশ্লেষণের পরে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ কীভাবে রক্ষা করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কেননা ক্ষুদ্র বিনিয়োগকারীদের চিহ্নিত করা এবং তাঁদের কী পরিমান ক্ষতি হয়েছে বিদ্যমান বাজার পরিস্থিতিতে তা নিরুপণ করতে কিছু সময়ের প্রয়োজন রয়েছে।’ এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যাতে বিনিয়োগে সক্রিয় হয় সে ব্যাপারে অর্থমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান হেলাল উদ্দিন। তিনি আরও জানান, শিগগিরই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়টি পরিষ্কার করবে।