পুঁজিবাজারসংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তি করতে এক বা একাধিক বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে ‘সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদেশ, ১৯৬৯’-এর সংশোধনী পাস হয়েছে। গোপন তথ্য প্রকাশ করলে তার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক এবং বর্তমান চেয়ারম্যান ও কমিশনারদের জেল-জরিমানারও বিধান রাখা হয়েছে এই আইনে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে এটি পাস হয়। বিলে দায়রা বা অতিরিক্ত দায়রা জজের নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। বিচারের যেকোনো পর্যায়ে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের বিধানও রাখা হয়েছে।বিলে বলা হয়েছে, এসইসির সাবেক এবং বর্তমান চেয়ারম্যান ও কমিশনার বা কর্মচারীরা গোপন তথ্য প্রকাশ করলে পাঁচ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকার অর্থদণ্ডে দণ্ডিত হবেন। বিলে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন স্থগিতের মেয়াদ ১৪ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।এ ছাড়া সংসদে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) নথি তলবের ক্ষমতা দেওয়ার বিধান রেখে ‘সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩’-এর সংশোধনী পাস হয়েছে। এই বিলে কমিশনের সদস্যদের মেয়াদ চার বছর করা হয়েছে।বিলে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংককে অবহিত করে শেয়ারবাজারসংক্রান্ত তদন্তে এসইসি ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা বা অন্যান্য কর্তৃপক্ষ থেকে লেনদেন-সম্পর্কিত রেকর্ড ও তথ্য তলব করতে পারবে। আজ সংসদে আরও পাস হয়েছে দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিধান রেখে ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১২’।