পুঁজিবাজারে অস্থিরতার জন্য বাংলাদেশ ব্যাংক ও এসইসি দায়ী: সালেহউদ্দিন
পুঁজিবাজারের বর্তমান অস্থিরতার জন্য বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) দায়ী করলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।সালেহউদ্দিন আহমেদ আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত মনিটরি পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড বাংলাদেশ ব্যাংক শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন।সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলো যথাসময়ে সিদ্ধান্ত নিলে পুঁজিবাজারের বর্তমান সংকট থেকে রেহাই পাওয়া যেত। পুঁজিবাজার-সংক্রান্ত এসইসির সিদ্ধান্তগুলোর ব্যাপারে বলেন, সিদ্ধান্তগুলো সঠিক হলেও তা যথাসময়ে নেওয়া হয়নি। এ ছাড়া তিনি শেয়ারবাজারে ব্যাংকগুলোর সম্পৃক্ত হওয়ার বিষয়টির সমালোচনা করে বলেন, ‘তোমরা তো আমানতকারীদের টাকা বিনিয়োগ করছ, এসব তোমাদের নিজস্ব টাকা নয়।’সালেহউদ্দিন শেয়ারবাজারের ব্যাপারে ব্যাংকগুলোর বাড়াবাড়ির কথা উল্লেখ করে বলেন, ব্যাংকগুলো শেয়ারবাজার থেকে যে টাকা আয় করে, তা কখনো আমানতকারীদের দেয় না। অন্যদিকে ব্যাংকগুলোর ক্ষতি হলে তা আমানতকারীদের ওপর চাপায়। শেয়ারবাজার রক্ষায় বাংলাদেশ ব্যাংক ও এসইসির কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন সাবেক এই গভর্নর।সেমিনারে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা। ইউএনবি।