পুঁজিবাজারে আসছে টেলিটক: সাহারা
পুঁজিবাজার থেকে ৬০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা হাতে নিয়েছে সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক। এ জন্য অক্টোবরে আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) আবেদন ও প্রসপেক্টাস সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনে (এসইসি) অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদনের পর প্রাথমিক শেয়ার দ্রুত বাজারে ছাড়া হবে।আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন। সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আজই প্রথম প্রশ্নোত্তরে অংশ নেন। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রামীণফোনের দেওয়া তথ্য অনুযায়ী, তারা ২০০ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে। আইন অনুযায়ী তা হয়েছে কি না, পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সঠিক না হলে নিয়মানুযায়ী কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাহারা খাতুন বলেন, মোবাইল ফোন অপারেটরদের জন্য ১০ সেকেন্ড পালস বাধ্যতামূলক করা হয়েছে। কেউ কেউ সময় চেয়ে আবেদন করেছেন। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজটুয়েন্টিফোর ডটকম মোবাইল ফোন কোম্পানীর সঙ্গে আঁতাত করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কি না, এই প্রশ্ন করেন বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, বিডিনিউজটুয়েন্টিফোর ডটকমের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ধরনের কোনো ঘটনা যাতে ঘটতে না পারে সে জন্য লক্ষ রাখা হচ্ছে।এসিআর অনুযায়ী জনপ্রশাসনে নিম্নমানের কর্মকর্তা নেই: ২০১০ ও ২০১১ সালের এসিআর অনুযায়ী জনপ্রশাসনে কর্মরত নিম্নমানের কোনো কর্মকর্তা নেই বলে জানিয়েছেন সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২০০৯, ২০১০ ও ২০১১ সালে যথাক্রমে চার হাজার ৩৯৭, চার হাজার ৭৮ ও চার হাজার ৪৬৫ জনসহ মোট ১২ হাজার ৯৪০ জন কর্মকর্তার বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) পাওয়া গেছে।মন্ত্রী আরও জানান, ২০০৯ সালে দুই হাজার ৫৬০ জন অসাধারণ, এক হাজার ৭৭৪ জন অতি-উত্তম, দুজন চলতি মান ও একজন চলতি মানের নিম্নের কর্মকর্তা রয়েছেন। ২০১০ সালে দুই হাজার ৫৯৭ জন অসাধারণ, এক হাজার ৪০২ জন অতি-উত্তম, ৭৭ জন উত্তম, দুজন চলতি মানের কর্মকর্তা রয়েছেন।২০১১ সালের এসিআর সম্পর্কে সৈয়দ আশরাফ জানান, দুই হাজার ৮৮৩ জন অসাধারণ, এক হাজার ৪৬৫ জন অতি-উত্তম, ১১৩ জন উত্তম ও চারজন চলতি মান ধাপে বার্ষিক গোপনীয় অনুবেদন পাওয়া গেছে।মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস প্রশ্নের জবাবে বলেছেন, দেশে দৈনিক দুধের ঘাটতি প্রায় তিন কোটি লিটার। বর্তমানে দিনে দুধের চাহিদার মাত্র ২৩ ভাগ পূরণ হয়।চয়ন ইসলামের প্রশ্নের জবাবে মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী জানান, স্থায়ীভাবে ইলিশ রপ্তানি বন্ধ করলে দেশের বাজারে দাম কমে যাবে। তবে যেসব দেশে রপ্তানি হয়, সেসব দেশের বাজারে মূল্য বেড়ে যাবে। এই বাড়তি মূল্য চোরাচালানকে উত্সাহিত করবে। ২০১০-২০১১ অর্থবছরে ইলিশ উত্পাদন হয়েছে তিন লাখ ৪০ হাজার মেট্রিক টন। এর মধ্যে আট হাজার ৫৩৮ মেট্রিক টন রপ্তানি করে আয় হয়েছে ৩৫২ কোটি ৪৯ লাখ টাকা।