পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ শতাংশ হারে কর দিয়ে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।সংসদীয় কমিটির চেয়ারম্যান আ হ ম মুস্তফা কামাল গতকাল বৃহস্পতিবার কমিটির বৈঠকের পর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সবাই একমত হয়েছি, অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে অবকাঠামো খাতে কালো টাকা সাদা করার যে সুযোগ দিয়েছেন, তার সঙ্গে শেয়ারে বিনিয়োগের বিষয়টি আনতে হবে।’বিরোধীদলীয় নেত্রীর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর যে মামলায় সাজা হয়েছে সেই টাকা কালো টাকা। এ জাতীয় টাকা পুঁজিবাজারে সাদা করার সুযোগ দেওয়া যায় কি না—এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘কোকোর টাকা নিয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু বিরোধীদলীয় নেত্রী এর আগে কালো টাকা সাদা করেছেন।’ তিনি আরও বলেন, কালো টাকা সাদা করা কোনো বিষয় নয়। কালো টাকা দুই ভাবে হতে পারে। একটা হলো বেআইনি আয় আর অনৈতিক আয়। অনৈতিক হলে তার জন্য হয়তো জেল-জরিমানা করা যায় না। তিনি বলেন, ‘কিন্তু আমি মনে করি দায়িত্বশীল পর্যায়ে থেকে অনৈতিক আয়ও থাকা ঠিক নয়।’সংসদীয় কমিটি পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার যে সুপারিশ করেছে তা শুরুতে সাংবাদিকদের জানাতে ভুলে যান মুস্তফা কামাল। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বলতে ভুলে গেছি। সংসদীয় কমিটিতে মতৈক্য হয়েছে যে শেয়ারবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দিতে হবে, কমিটি এই সুপারিশ করেছে।’ তিনি আরও বলেন, ‘কালো টাকা সাদা করার বিষয়ে কথা বলা মুশকিল। বললে সুশীল সমাজ মনে করবে, আমার কাছে অনেক কালো টাকা আছে।’সংসদীয় কমিটি স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ কমিশন আয়ের ওপর ধার্য করা করহার প্রত্যাহারের সুপারিশ করেছে। মুস্তফা কামাল বলেন, কমিটির সুপারিশ হচ্ছে কোম্পানির মূলধন বাড়ানোর ক্ষেত্রে ৩ শতাংশ হারে যে কর দিতে হয়, তা রহিত করা উচিত।মুস্তফা কামাল বলেন, শেয়ারবাজারের এখন যে অবস্থা তাতে দ্রুত আইপিও (নতুন শেয়ার) বাজারে আসা উচিত। বেশি পরিমাণে আইপিও এলে বাজার স্থিতিশীল হবে। তিনি জানান, কর অবকাশের সুবিধার সঙ্গে শর্ত জুড়ে দেওয়া উচিত হবে যে, এসব সুবিধাভোগী কোম্পানির ২৫ থেকে ৩০ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে। কমিটি একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের শেয়ারবাজারে বিনিয়োগ করার সুবিধা দেওয়ার পক্ষে সুপারিশ করেছে। তিনি বলেন, ‘আমি মনে করি, দৈনন্দিন কেনাবেচার সুযোগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের থাকা ঠিক নয়। তবে নির্দিষ্ট মেয়াদের জন্য বিনিয়োগের সুযোগ দেওয়া উচিত।’সংসদীয় কমিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কোম্পানি কর ৪২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার সুপারিশ করেছে বলেও তিনি জানান।