পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির
১০ শতাংশ হারে কর দিয়ে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এক বৈঠকে কমিটি এই সুপারিশ করে।সংসদীয় কমিটির চেয়ারম্যান আ হ ম মুস্তফা কামাল এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা সবাই ঐকমত্য হয়েছি, অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে অবকাঠামো খাতে কালো টাকা সাদা করার যে সুযোগ দিয়েছেন, তার সঙ্গে শেয়ারে বিনিয়োগের বিষয়টি আনতে হবে।’বিরোধীদলীয় নেতার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মামলায় আজ যে সাজা হয়েছে, সেই টাকা পুঁজিবাজারে সাদা করার সুযোগ দেওয়া যায় কি না—এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘কোকোর টাকা নিয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু বিরোধীদলীয় নেতা এর আগে কালো টাকা সাদা করেছেন।’কালো টাকা সাদা করা কোনো বিষয় না উল্লেখ করে মুস্তফা কামাল আরও বলেন, কালো টাকা দুইভাবে হতে পারে। একটা হলো বেআইনি আয় আর অনৈতিক আয়। অনৈতিক হলে তার জন্য হয়তো জেল-জরিমানা করা যায় না।মুস্তফা কামাল বলেন, ‘কালো টাকা সাদা করার বিষয়ে কথা বলা মুশকিল। বললে সুশীল সমাজ মনে করবে, আমার কাছে অনেক কালো টাকা আছে।’সংসদীয় কমিটি আজকের বৈঠকে স্টক এক্সচেঞ্জের ব্রোকারের কমিশন আয়ের ওপর চলতি বছরের বাজেটে যে করহার ধার্য করা হয়েছিল, তা প্রত্যাহার করার সুপারিশ করেছে।মুস্তফা কামাল বলেন, শেয়ারবাজারের এখন যে অবস্থা, তাতে দ্রুত আইপিও (নতুন শেয়ার) বাজারে আসা উচিত। বেশি পরিমাণে আইপিও এলে বাজার স্থিতিশীল হবে।সংসদীয় কমিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কোম্পানি কর ৪২ দশমিক ৫ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার সুপারিশ করেছে বলে জানান মুস্তফা কামাল। তিনি বলেন, ৩০-৩৫টি কোম্পানি এ খাতে রয়েছে।এসব সুপারিশ বাস্তবায়ন করা হলে দেশের পুঁজিবাজারের উন্নয়ন হবে বলে মুস্তফা কামাল আশা প্রকাশ করেন।