পুঁজিবাজারে ক্ষতিগ্রস্তদের ৫০ শতাংশ সুদ মওকুফ হচ্ছে
ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এক বছরের সুদের (২০১১-২০১২ অর্থবছর সময়ে উদ্বৃত্ত সুদের) ৫০ শতাংশ পর্যন্ত মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাঁদের ১০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব অর্থ বিনিয়োগ আছে এবং এর বিপরীতে ঋণ নিয়েছেন, তাঁরাই এই সুবিধা পাবেন।এ ছাড়া পুঁজিবাজারে ঋণ নেওয়া এবং না নেওয়া—দুই ধরনের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর জন্যই ২০১২ ও ২০১৩ সালে যত শেয়ারের আইপিও আসবে, সেখানে ২০ শতাংশ কোটা বরাদ্দ থাকছে। এই কোটায় সব শ্রেণীর ক্ষতিগ্রস্তরা আবেদন করতে পারবেন। তবে নির্ধারিত কোটার চেয়ে আবেদনকারীর সংখ্যা বেশি হলে তাঁদের মধ্যে লটারি করে কোটা বরাদ্দ দেওয়া হবে।আজ রোববার অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রণোদনা দেওয়ার জন্য গঠিত স্কিম কমিটির প্রধান এবং আইসিবির এমডি এম ফায়েকুজ্জামান, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিনিধি ও অন্যরা উপস্থিত ছিলেন।