পুঁজিবাজারে পরিবর্তন নিশ্চিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বর্তমানে পুঁজিবাজারে অনেক ঝামেলা টামেলা হয়। কিন্তু পুঁজিবাজার যথেষ্ট পুঁজি সরবরাহ করছে। সেদিক থেকে নিশ্চয়ই অগ্রগতি হয়েছে। এখন পুঁজিবাজার একটি “ইমপর্টেন্ট প্লেয়ার”। তাই এর পরিবর্তন নিশ্চিত।’ অষ্টম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আজ বুধবার প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই মেলা যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল। অর্থমন্ত্রী আরও বলেন, ‘ডিমিউচুয়ালাইজেশন (স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা) শুরু হলে পুঁজিবাজারে স্থিতাবস্থা ফিরে আসবে। তা ছাড়া আইন সংশোধনসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে বর্তমানে পুঁজিবাজার একটা অবস্থায় আছে।’ দেশের পুঁজিবাজার নিয়ে এসব কথা বলে অর্থমন্ত্রী ব্যবসায়ীদের এখান থেকে পুঁজি সংগ্রহেরও আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, ‘প্লাস্টিক শিল্পমালিকেরা দীর্ঘদিন ধরে একটি শিল্পনগরীর দাবি করে আসছেন। এটি আমরাও জরুরি মনে করছি। এ ব্যাপারে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন।’ মেলায় অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো পণ্যসামগ্রী এবং চীন, ভারত, তাইওয়ান, কোরিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের ১৫টি দেশের প্রতিষ্ঠান প্রযুক্তি, যন্ত্রপাতি ও সেবা প্রদর্শন করছে। ২৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।