পুঁজিবাজারে প্রকৃত বিনিয়োগকারী ১১ লাখ: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পুঁজিবাজারের ৩০ লাখ বিনিয়োগকারীর মধ্যে ১১ লাখ হচ্ছে সত্যিকার বিনিয়োগকারী।আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ আবদুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী আরও বলেন, ‘অনেক বিনিয়োগকারীর আচরণের কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। যখন দাম ঊর্ধ্বমুখী হয়, তখন যাঁরা লোকসানে আছেন, তারা বিক্রি করে ক্ষতি সামাল দেবেন। কিন্তু দাম যখন নিম্নমুখী, তখনই এক লাখ নতুন বিনিয়োগকারী ঢুকেছে। তারা কী ফটকাবাজির জন্য ঢুকেছেন? এ জন্যই তাঁদের শাস্তি হচ্ছে।’বর্তমানে শেয়ারবাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।মোশতাক আহমেদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারে যে একটা কেলেঙ্কারির মতো হচ্ছে, তা তদন্তাধীন। আগামী কিছুদিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে। শেয়ারবাজারের অশুভচক্রের বিরুদ্ধে মাঝেমধ্যে শাস্তির বিধান রয়েছে জানিয়ে তিনি বলেন, শাস্তি হিসেবে অনেক সময় সাসপেন্ড, ব্যবসা বন্ধ ও জরিমানা করা হয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সম্প্রতি বেশ কিছু কোম্পানির শেয়ারের মূল্য অযৌক্তিক পর্যায়ে অতিমূল্যায়িত হয়েছে। পুঁজিবাজারে প্রচুর বিনিয়োগকারী স্বল্প মেয়াদে মুনাফা লাভের জন্য বিনিয়োগ করে থাকেন। এ ছাড়া সম্প্রতি বেশ কিছু বিনিয়োগকারী বাজার সম্পর্কে পূর্বধারণা ছাড়াই দ্রুত লাভের আশায় বিনিয়োগ করেছেন।অর্থমন্ত্রী বলেন, তাঁদের ধারণা, পুঁজিবাজারে বিনিয়োগ করলেই লাভ পাওয়া যাবে। এ ধরনের বাস্তব ধারণাবিবর্জিত গুজবভিত্তিক বিনিয়োগের কারণে বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে।আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, দেশে বর্তমানে ৩০ লাখ ১৫ হাজার আয়কর দাতা রয়েছে। এ সংখ্যা যথেষ্ট নয়।এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত বিভিন্ন দাতা সংস্থা এবং দেশের কাছ থেকে পাঁচ হাজার সাত দশমিক আট মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণের অঙ্গীকার পাওয়া গেছে। এর মধ্যে দুই হাজার ৫৯১ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার ছাড় পাওয়া গেছে।মন্ত্রী বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে অঙ্গীকার পাওয়া গেছে এক হাজার ৪৩৬ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার। আর এডিবি দিয়েছে এক হাজার ৫৮৯ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার।