পুঁজিবাজারে ফোর্স সেল না করার অনুরোধ করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিশ্বের কয়েকটি সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশের মধ্যে একটি। এরই মধ্যে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ২১৯টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করা হয়েছে। আজ বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।এর আগে বিকেল পৌনে পাঁচটার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।সড়ক দুর্ঘটনা-সম্পর্কিত এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশ হওয়ায় দুর্ঘটনা কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ব্ল্যাকস্পটগুলোতে দুর্ঘটনা রোধে একটি উন্নয়ন প্রকল্প চলমান আছে। ২০০৯-২০১০ অর্থবছরে ৬৫টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে আট হাজার ২৫০ জন এবং ২০১০-২০১১ অর্থবছরে ৮৮টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ১৮ হাজার পেশাজীবী গাড়িচালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে ১২৫টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ৩০ হাজার পেশাদার গাড়িচালককে প্রশিক্ষণ দেওয়া হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, বিভিন্ন মহাসড়কে গতিনিয়ন্ত্রক ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাপ্রবণ স্থানে বা বাঁকে স্বয়ংক্রিয় গতিনিয়ন্ত্রক যন্ত্র স্থাপনের উদ্যোগ আপাতত নেই। তবে সব গুরুত্বপূর্ণ সড়ক ও জাতীয় মহাসড়কগুলোতে বিপরীতমুখী দুর্ঘটনা রোধে পর্যায়ক্রমে রোড ডিভাইডারসহ চার লেনে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে।অতি মূল্যায়নের কারণে দরপতনসংসদে অনুপস্থিত বিএনপি সাংসদ এ এম মাহবুবউদ্দিনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পুঁজিবাজারে শেয়ারের দামের উত্থান-পতন স্বাভাবিক বৈশিষ্ট্য। ২০১০ সালে শেয়ারবাজার অতি মূল্যায়নের পর দরপতন হয়। সে জন্য ইব্রাহিম খালেদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। প্রতিবেদন অনুযায়ী পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং ১৪টি বিষয়ের ওপর তদন্ত চলছে।প্রধানমন্ত্রী আরও জানান, সরকার বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো পুঁজিবাজারে আরও অধিক হারে বিনিয়োগ করতে সম্মত হয়েছে। সেকেন্ডারি মার্কেট থেকে কেনা শেয়ারের ওপর আয়কর রেয়াত দেওয়া প্রক্রিয়াধীন।বর্তমানে ইনসাইডার ট্রেডিং আইন অনেক দুর্বল। এটিকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া লেনদেনের সময়সীমা তিন দিনের পরিবর্তে দুই দিন করা, আর্থিক সমন্বয় সুবিধা সহজ করা এবং ফোর্স সেল না করার অনুরোধ করা হয়েছে। সরকার আশা করছে, এসব পদক্ষেপ পুরোপুরি বাস্তবায়িত হলে শেয়ারবাজারে দীর্ঘ মেয়াদে স্থিতিশীলতা ফিরে আসবে। এ ছাড়া শেয়ারবাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বাজারকে শক্তিশালী করার লক্ষ্যে যদি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়, সরকার তা জরুরি ভিত্তিতে গ্রহণ করবে।এ-সম্পর্কিত প্রশ্নে মাহবুবউদ্দিন বলেন, সরকারি বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও শেয়ারবাজারে দরপতন অব্যাহত আছে। বিনিয়োগকারীরা হতাশ। এই সমস্যা সমাধানে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না?নাসরিন জাহানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রেমিট্যান্স বেড়েছে। ২০০৮-০৯ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৯ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার। ২০১০-১১ বছরে তা ১২ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।ভোটের দিন দেশে অবস্থানরত প্রবাসীরা ভোট দিতে পারবেনশফিকুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, আগামী সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন যেসব প্রবাসী দেশে অবস্থান করবেন এবং তার আগে ভোটার তালিকাভুক্ত হবেন, তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি বলেন, আইন অনুযায়ী কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে বসবাস করলে তিনি সর্বশেষ যে নির্বাচনী এলাকায় বা ভোটার এলাকায় বসবাস করেছিলেন অথবা তার নিজ বা পৈতৃক বসতবাড়ি যে স্থানে ছিল বা আছে, তিনি সে এলাকার অধিবাসী বলে গণ্য হবেন। প্রবাসীরা যদি দেশে এসে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেন, তাঁরা সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদন করলে তাঁদের নাম ভোটার তালিকাভুক্ত করা হয়। যারা বাংলাদেশে স্থায়ীভাবে অবস্থান করেন না, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ নিয়ে ভোটার হতে পারবেন। কিন্তু এ জন্য তাদের বাংলাদেশে ঠিকানা থাকতে হবে।