পুঁজিবাজারে বিনিয়োগে কর রেয়াত সুবিধা পুনর্বহাল
সঞ্চয়কৃত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করলে কর রেয়াত সুবিধা পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন। এ ছাড়া গত বাজেটে মিউচুয়াল ফান্ডগুলোর ওপর আরোপ করা ১০ শতাংশ কর প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।আজ বুধবার এসইসির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।খায়রুল হোসেন বলেন, ‘শেয়ারবাজারে অব্যাহত দরপতনে সরকারের উচ্চমহল পর্যন্ত বিচলিত হয়ে পড়েছিল। অর্থমন্ত্রীসহ সরকারের উচ্চমহল পর্যন্ত সবার সঙ্গে আমার কথা হয়েছে। সবাই একটি স্থিতিশীল, স্বচ্ছ ও গতিশীল পুঁজিবাজার দেখতে চায়। আর এ লক্ষ্যে আমরা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গিয়েছিলাম। এনবিআরের সঙ্গে আলোচনা হয়েছে। তারা কর রেয়াত সুবিধা পুনর্বহালের আশ্বাস দিয়েছে। দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেবে তারা। একই সঙ্গে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আরোপিত ১০ শতাংশ কর প্রত্যাহারের ব্যাপারে আমাদের আশ্বস্ত করা হয়েছে। এটিও তারা বিবেচনায় নেবে।’ এ ছাড়া পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগ করলে কোনো প্রশ্ন তোলা হবে না বলেও এনবিআর নিশ্চিত করেছে বলে জানান তিনি।খায়রুল হোসেন বলেন, বিনিয়োগকারীদের স্বার্থে এখন থেকে ব্রোকারেজ কমিশন ১০০ টাকায় পাঁচ পয়সা নির্ধারণ করা হয়েছে। ডিএসই, সিএসই, সিডিবিএল ও ব্রোকারেজ হাউসগুলোকে শিগগিরই এ চিঠি দেওয়া হবে। কেউ এই নিয়ম ভঙ্গ করলে কমিশন তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে বলে জানান তিনি।এসইসির চেয়ারম্যান বলেন, ‘পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে বুকবিল্ডিং পদ্ধতি সংস্কারসহ বেশ কিছু আইনকানুন পরিবর্তন করা হয়েছে।’ একটা নির্দিষ্ট সময় পর এর ফলাফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।