পুঁজিবাজারে ব্যাংকের সংশ্লিষ্টতার বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ব্যাংকের শেয়ার ধারণ ও পুঁজিবাজারে সংশ্লিষ্টতার কয়েকটি বিধান শিথিল করে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কে এম গাওসুজ্জামান স্বাক্ষরিত এ সার্কুলারটি জারি করা হয়।জারিকৃত এ সার্কুলারে বলা হয়েছে, মার্চেন্ট ব্যাংকিং ও ব্রোকারেজ কার্যক্রমের উদ্দেশ্যে গঠিত ব্যাংকের নিজস্ব সহযোগী বা সাবসিডিয়ারি প্রতিষ্ঠানে ওই ব্যাংকের দেওয়া মূলধন ওই ব্যাংকের পুঁজিবাজার সংশ্লিষ্টতা হিসাবের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে না।এতে আরও বলা হয়েছে, কোনো কোম্পানিতে কোনো ব্যাংকের দীর্ঘমেয়াদি মূলধনী বিনিয়োগকে (ইকুইটি ইনভেস্টমেন্ট) ওই ব্যাংকের পুঁজিবাজার-সংশ্লিষ্ট হিসাবের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে না।সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে মার্চেন্ট ব্যাংকিং ও ব্রোকারেজ কার্যক্রমের উদ্দেশ্যে গঠিত নিজস্ব সহযোগী প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত একক ঋণগ্রহীতার সংশ্লিষ্টতার নির্ধারিত সীমার অতিরিক্ত বিদ্যমান ঋণ ২০১৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। এর আগে এই সময়সীমা ছিল ২০১১ সালের ৩১ ডিসেম্বর।জারিকৃত সার্কুলারে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ হতে উদ্ভূত কোনো লোকসানের ক্ষতির জন্য সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণের ক্ষেত্রে লাভ-লোকসান সমন্বয় করে সঞ্চিতি সংরক্ষণ করা যাবে।এ ছাড়া বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদেশি ব্রোকারেজ ফার্মকে প্রদেয় কমিশনের প্রামাণিক কাগজপত্র/দলিলাদি দাখিল সাপেক্ষে দ্রুত প্রেরণের অনুমতি প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।সার্কুলারটি এরই মধ্যে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।