পুঁজিবাজারে বড় দরপতন
দেশের পুঁজিবাজারে আজ বুধবার বড় দরপতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। পাশাপাশি সূচকের বড় পতন হয়েছে। একই সঙ্গে লেনদেনও গতকালের চেয়ে কমেছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা ঘোষণা করা হয়েছে। তবে এতে বিনিয়োগকারীদের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমন্বয় না ঘটায় বাজারে বিরূপ প্রভাব পড়ছে।এদিকে দরপতনের কারণ খুঁজতে আজও ডিএসইর পরিদর্শক দল মাঠে নামে। ডিএসইর পরিদর্শক দল আজ চারটি ব্রোকারেজ হাউসে গিয়ে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে পর্যবেক্ষণ করে। তবে তাতেও শেষ পর্যন্ত দরপতন ঠেকানো যায়নি।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০৪.৪৭ পয়েন্ট কমে ৪,২৮৪.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে আজ সকালে প্রথম আধা ঘণ্টায় সূচক কমেছিল ২০ পয়েন্ট। আর দুই ঘণ্টায় কমেছিল ৭১ পয়েন্ট।ডিএসইতে আজ ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৭টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ২৫টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ মোট ১৭৯ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১ কোটি টাকার কম।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, গ্রামীণফোন, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, এনবিএল, পূবালী ব্যাংক, যমুনা অয়েল ও সামিট পাওয়ার।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৮৩.৬৯ পয়েন্ট কমে দাঁড়ায় ১২২৯২.৮০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫২টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১৭টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৪ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকার কম।