পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানোই মূল কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. এম খায়রুল হোসেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি জিয়াউল হক খোন্দকারের স্থলাভিষিক্ত হলেন।দায়িত্ব নিয়েই গতকাল রোববার নতুন চেয়ারম্যান সাংবাদিকদের বলেছেন, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে নিশ্চিত করা হবে এসইসির জবাবদিহি ও স্বচ্ছতা। এসইসির কার্যালয়ে এ সময় এসইসির নতুন সদস্য হেলাল উদ্দিন নিজামী উপস্থিত ছিলেন।বিনিয়োগকারীদের উদ্দেশে নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীরা যাতে প্রতারিত না হন সে জন্য সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে। একই সঙ্গে বাজার যাতে মৌলভিত্তির ওপর থাকে, সে ব্যাপারে চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে বাজারের সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে পুঁজিবাজারকে অর্থনীতির ভিত মজবুত করার জন্য ব্যবহার করা। পুঁজিবাজার বিকাশের এসব কাজ করা হবে বর্তমানে যেসব বিধিবিধান রয়েছে তার ভিত্তিতেই।’ তবে কোনো জায়গায় আইনের দুর্বলতা থাকলে প্রয়োজনে সরকারের সঙ্গে আলোচনা করে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।পুঁজিবাজারের সাম্প্রতিক ধসের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি গত ৭ এপ্রিল সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। এতে বাজার পতনের জন্য এসইসির ব্যর্থতাকে দায়ী করে সংস্থাটিকে পুনর্গঠনের সুপারিশ করা হয়। সে অনুযায়ী গত ৩০ এপ্রিল পুরো এসইসিকেই ঢেলে সাজানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সরকারের এ পুনর্গঠন কর্মসূচির অংশ হিসেবে এসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন খায়রুল হোসেন। এর আগে এসইসির দুই সদস্য ইয়াসিন আলী ও মো. আনিসুজ্জামান সরকারের ইচ্ছানুযায়ী পদত্যাগ করেন। তবে এ দুজনের শূন্য পদে এখনো নতুন কোনো সদস্য নিয়োগ দেওয়া হয়নি। এসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে খায়রুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে অধ্যাপনা করতেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। খায়রুল হোসেন ১৯৮৫ সালে প্রভাষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তিনি মস্কো থেকে অর্থনীতি বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ও পরিসংখ্যানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গতকাল সকালেই খায়রুল হোসেনের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিন বছরের জন্য তিনি এই নিয়োগ পেলেন। জানা গেছে, প্রজ্ঞাপন হাতে পেয়েই খায়রুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছুটি এবং আইসিবির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন। এরপর বিকেল সোয়া চারটার দিকে তিনি এসইসিতে আসেন। সাড়ে চারটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এদিকে জিয়াউল হক খোন্দকারকে এসইসি থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য তাঁর চাকরি ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাজার পরিস্থিতি: দরপতনের ধারার বিপরীতে দেশের শেয়ারবাজারে গতকাল বেশ চাঙা ভাব ছিল। এ দিন দুই স্টক এক্সচেঞ্জের মূল্যসূচকেই বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। বেড়েছে লেনদেনের পরিমাণও।বাজার বিশ্লেষকেরা বলছেন, এসইসির নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে সংস্থাটির পুনর্গঠনে সরকারের আন্তরিকতার প্রকাশ ঘটেছে, যা বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে অনেকখানি ভূমিকা রেখেছে। ফলে এত দিন যেসব বিনিয়োগকারী নিষ্ক্রিয় ছিলেন, তাঁরা আবার সক্রিয় হতে শুরু করেছেন। সূচক ও লেনদেন বৃদ্ধির এটা অন্যতম কারণ বলে তাঁরা মনে করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৭৫ পয়েন্ট বা প্রায় সোয়া তিন শতাংশ বেড়ে পাঁচ হাজার ৭৮৮ পয়েন্ট ছাড়িয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৪৬ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১৬ হাজার ১২১ পয়েন্ট। ডিএসইতে গতকাল ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২১৬টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত ছিল দুটি প্রতিষ্ঠানের দাম। ডিএসইতে গতকাল ৫৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১৪ কোটি টাকা বেশি। সিএসইতে লেনদেন হয়েছে ১৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল মোট ৮১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা বেশি।