অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগ দাবি
পুঁজিবাজারের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিএনপি
শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটি মনে করে, তদন্ত প্রতিবেদন অসম্পূর্ণ ও হতাশাজনক। এতে প্রকৃত ঘটনা ও দায়ী ব্যক্তিদের নাম যথাযথভাবে উপস্থাপিত হয়নি।পুঁজিবাজারের সাম্প্রতিক অবস্থা নিয়ে গতকাল বুধবার দুপুরে বিএনপির সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনে যাঁদের নাম এসেছে, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাজার-পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগ দাবি করা হয়।গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আরেক উপদেষ্টা ওসমান ফারুক এ সময় উপস্থিত ছিলেন।আমীর খসরু বলেন, এই প্রতিবেদন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। এই প্রতিবেদন প্রায় ৩৩ লাখ বিনিয়োগকারীর কাছেও গ্রহণযোগ্যতা পাবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আগেই বলেছিলাম খোন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত কমিটির কর্মকাণ্ড সঠিক হবে না। পক্ষপাতহীন হবে না। তাই এ প্রতিবেদন প্রত্যাখ্যান করাটাই স্বাভাবিক।’ তবে তিনি তদন্ত প্রতিবেদন পুরোটা জনগণের সামনে প্রকাশ করার দাবি জানান। তিনি বলেন, বিএনপি পেশাজীবীদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠনের কথা শুরু থেকেই বলে এসেছে। কিন্তু সরকার যে তদন্ত করেছে, তাতে প্রকৃত অপরাধীদের বিষয়টি সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে।সাবেক এই বাণিজ্যমন্ত্রী পুঁজিবাজারে কেলেঙ্কারির ঘটনায় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে আছে, ১৯৯৬ ও ২০১১ সালে শেয়ার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত চিহ্নিত লুটেরাদের বিচার করা, জড়িত সরকারি-বেসরকারি ও আধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অচিরেই বরখাস্ত করা, কেলেঙ্কারির হোতারা যে দলেরই হোন তাঁদের শাস্তি দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া।এক প্রশ্নের জবাবে ওসমান ফারুক বলেন, জড়িত ব্যক্তিরা কোন দলের, সেটা বড় কথা নয়। মূল দাবি হলো, জড়িত সব ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে হবে। তদন্তে যাঁদের নাম এসেছে, তাঁরা জড়িত হলে কোন দল, তা দেখার প্রয়োজন নেই। তিনি সম্ভাব্য জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দেরও দাবি জানান।আমীর খসরু বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা হারিয়েছে। এতে মূল খলনায়কেরা রক্ষা পেয়ে যাবে। তিনি বলেন, প্রতিবেদনে এসইসির ওপর সব দোষ চাপানো হয়েছে। অথচ অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের দায় পাশ কাটানো হয়েছে। এই রাঘব বোয়ালদের ছাড় দেওয়া হয়েছে।আমীর খসরু বলেন, একজন মন্ত্রীর পারিবারিক দুটি প্রতিষ্ঠানকে অর্থ মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপে সরাসরি তালিকাভুক্ত করা হয়। অথচ বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠানকে তখন সরাসরি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত ছিল না। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নানা অব্যবস্থাপনাও পুঁজিবাজারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বিএনপির এই নেতা অর্থমন্ত্রীর সমালোচনা করে প্রশ্ন করেন, প্রতিবেদনে যাঁদের নাম এসেছে, তাঁদের নাম প্রকাশ করলে লুটপাটকারীদের চরিত্র হনন হয়? যাঁরা ৩৩ লাখ বিনিয়োগকারীকে পথে বসিয়েছেন, তাঁদের সম্মান কি ক্ষুদ্র বিনিয়োগকারীদের দুরবস্থার চেয়েও অর্থমন্ত্রীর কাছে বেশি গুরুত্বপূর্ণ?