পুঁজিবাজারের পরিবেশ স্থিতিশীল, দাবি অর্থমন্ত্রীর
দেশের পুঁজিবাজারের পরিবেশ স্বাভাবিক বা স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের পুঁজিবাজারের পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশের বর্তমান পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে বলে সরকার মনে করে।আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। একই প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘২০১০ সালের ৫ ডিসেম্বরের বাজারপরিস্থিতিই ছিল অস্বাভাবিক।’ মন্ত্রী জানান, ওই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ছিল ৮৯১৮.৫১, বাজারে মূলধন ছিল ৩৬৮০.৭১ বিলিয়ন টাকা এবং জিডিপির অনুপাতে বাজারের মূলধন ৫৩.১৬ ছিল।সুকুমার রঞ্জন ঘোষের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারি রোধ করতে ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের রক্ষা করতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। এ সময় তিনি পুঁজিবাজারের কারসাজি রোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বর্ণনা করেন।নূর আফরোজ আলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, চলতি অর্থবছরের মার্চ মাস পর্যন্ত ২৩ হাজার ৩০৬ কোটি টাকার খেলাপি ঋণের বিপরীতে মাত্র ৪ হাজার ১৬৫ কোটি টাকা আদায় করা হয়েছে।