পুঁজিবাজারের মামলা নিষ্পত্তিতে আদালত গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী সাংবাদিকদের বলেন, ’৯৬ সালে পুঁজিবাজার কারসাজির পর যেসব মামলা হয়েছিল, সেগুলোর এখনো নিষ্পত্তি হয়নি। এসব মামলা নিষ্পত্তির জন্য কমিটি বিশেষ আদালত গঠনের সুপারিশ করেছে। এ জন্য প্রয়োজনে কমিটি আইনমন্ত্রীর কাছে চিঠি পাঠাবে।কমিটির অন্য সদস্য মঈন উদ্দীন খান বাদল বলেন, যখনই পুঁজিবাজারে কোনো সমস্যা হয়, তখনই এর দায় সরকারের ওপর বর্তায়। অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) সরকারের মুখাপেক্ষী থাকতে হয়। কমিটি এই জটিলতা এড়াতে এবং পুঁজিবাজারকে গতিশীল করতে স্বাধীন এসইসি গঠনের প্রস্তাব করেছে। কমিটি পুঁজিবাজারের ঝুঁকি সম্পর্কে বিনিয়োগকারীদের সচেতন করে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সুপারিশও করেছে।কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, খান টিপু সুলতান, মঈন উদ্দীন খান বাদল, বজলুল হক হারুন ও আমিনা আহমেদ এবং এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।