পুঁজিবাজারের মামলা নিষ্পত্তিতে আলাদা বেঞ্চ
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মামলা নিষ্পত্তির জন্য হাইকোর্টে আলাদা একটি বেঞ্চ গঠনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আজ রোববার আইন মন্ত্রণালয়ে ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের একটি দল মন্ত্রীর সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি-দাওয়া জানালে আইনমন্ত্রী এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায়, পাবলিক কোম্পানিগুলোর মামলা থাকে। কোম্পানিগুলো তখন সময়মতো বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে পারে না। এতে লভ্যাংশ ঘোষণা করতে না পারাসহ নানা সমস্যা তৈরি হয়। এগুলো নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির সঙ্গে আলাপ-আলোচনা করে বিশেষ বেঞ্চ গঠনের পদক্ষেপ নেওয়া হবে। সভায় ডিএসইর প্রতিনিধিরা এ ধরনের সমস্যাগুলো নিষ্পত্তির জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন সংশোধন করে কমিশনেই একটি আপিল ট্রাইব্যুনাল করার কথা বলেন, যাতে কোনো সমস্যা হলে প্রথমে সেখানে আবেদন করে নিষ্পত্তির সুযোগ থাকে। তাতে কাজ না হলে হাইকোর্টে যেতে পারে। এর জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি চিন্তাভাবনা করা হবে। মামলার দীর্ঘসূত্রতা কমাতে এটি করা যেতে পারে। সভায় ডিএসইর সভাপতি রকিবুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন। তাঁরা পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য বিভিন্ন দাবি জানান।