পুঁজিবাদবিরোধী বিক্ষোভ, লন্ডনে সেন্ট পল ক্যাথিড্রাল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে ঘুরতে আসা সারা বিশ্বের পর্যটকসহ স্থানীয় নাগরিকদের কাছেও আগ্রহের কেন্দ্রস্থল সেন্ট পল ক্যাথিড্রাল। এটি ১৭ শতকে স্যার ক্রিস্টোফার ওরেনের নান্দনিক স্থাপত্যশৈলীতে গড়া। খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রার্থনাকেন্দ্রটি ১৯৪০ সালের পর আবার বন্ধ করা হলো তার আঙিনায় চলমান পুঁজিবাদবিরোধী বিক্ষোভের কারণে।গত সপ্তাহ থেকে অব্যাহত এ বিক্ষোভের প্রথম দিকে ক্যাথিড্রাল কর্তৃপক্ষের অনেকটা মৌন সমর্থন থাকলেও ক্রমাগত বাড়তে থাকা বিক্ষোভকারী এবং গড়ে ওঠা তাঁবুর ভিড়ে অনেকটাই আতঙ্কিত তারা। পর্যটক ও প্রার্থনা করতে আসা মানুষজনের নিরাপত্তার কথা বিবেচনা করে বন্ধের ঘোষণা দিলেন চার্চটির পরিচালনা পর্ষদের ডিন গ্রাহাম নলেস।

শুরুতে অবশ্য ক্যাথিড্রাল কর্তৃপক্ষেরই সম্মতিতে সেখানে বিক্ষোভকারীরা অবস্থান নেয়। তারা সেখান থেকে পুলিশকে সরে যাওয়ারও অনুরোধ করে।এ প্রসঙ্গে সেন্ট পল ক্যাথিড্রালের ডিন গ্রাহাম নলেস বলেন, ‘ক্যাথিড্রালটি খোলা রাখতে প্রতিদিন গুনতে হয় ২০ হাজার পাউন্ড। এখন বিক্ষোভকারীরা সেখানে অবস্থান করায় দর্শনার্থীরা ভেতরে ঢুকতে পারছে না। ক্যাথিড্রালের ৮০ শতাংশ ব্যয় মেটাতে দর্শনার্থীদের ওপর আমাদের নির্ভর করতে হয়।’গ্রাহাম উল্লেখ করেন, ‘আমরা অনেক কষ্ট নিয়ে বিক্ষোভকারীদের সরে যেতে বলেছি। কারণ প্রার্থনাকারী ও দর্শনার্থীদের কাছে আমরা আমাদের দায়-দায়িত্ব এড়াতে পারি না।’