পুঁজিবাদবিরোধী বিক্ষোভ এবার টাইমস স্কয়ারে
যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটবিরোধী বিক্ষোভকারীরা গতকাল শনিবার বিখ্যাত টাইমস স্কয়ারে জড়ো হলে নিউইয়র্কের পুলিশ কমপক্ষে ৭০ জনকে গ্রেপ্তার করেছে। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে। গতকাল শনিবার বিশ্বের বিভিন্ন দেশে পুঁজিবাদবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। এদিন যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটবিরোধী বিক্ষোভকারীরা ম্যানহাটন থেকে মিছিল করে টাইম স্কয়ারে জড়ো হয়। টাইমস স্কয়ারের এ বিক্ষোভে প্রায় পাঁচ হাজার কর্মী অংশ নেয় বলে সংগঠকেরা দাবি করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পাঁচ হাজার ও পিটার্সবার্গে দুই হাজার কর্মী বিক্ষোভ করেছে। ইতালির রাজধানী রোমে পুঁজিবাদবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে কয়েক লাখ কর্মী বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা দোকানপাট ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অনেকেই আহত হয়েছে। পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে। দেশটির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি এ ঘটনাকে দুঃখজনক বলে সহিংস বিক্ষোভকারীদের বিচারের আওতায় আনার হুমকি দিয়েছেন। গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের বাণিজ্যিককেন্দ্র ম্যানহাটনের ওয়াল স্ট্রিটে এ আন্দোলনের সূত্রপাত হয়। গতকাল শনিবার ওয়াল স্ট্রিটবিরোধী আন্দোলন বৈশ্বিক রূপ নেয়।আন্দোলনের আয়োজকেরা জানান, আমেরিকা, আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার ৮২টি দেশের ৯৫১টি শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।