পুঁজিবাদবিরোধী বিক্ষোভের আগুন বিশ্বজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাদের লোভ-লালসা, ধনী-দরিদ্রের বৈষম্য ও সরকারের ব্যয় সংকোচননীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে দেশে দেশে। যুক্তরাষ্ট্রের ‘ওয়াল স্ট্রিট দখল করো’ ও স্পেনের ‘ক্ষুব্ধ জনতা’র আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে আমেরিকা-ইউরোপ হয়ে আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়া পর্যন্ত।বিক্ষোভের আয়োজকেরা বলছেন, ইউরোপ, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকার ৮২টি দেশের ৯৫১টি শহরে এ বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ ছড়িয়ে দিতে তাঁরা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার ব্যবহার করছেন ব্যাপকভাবে।মূলত অর্থনৈতিক অসমতা, বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিশ্বের বিভিন্ন শহরের বিক্ষোভে নামে মানুষ। তবে প্রতিটি শহরে বিক্ষোভকারীদের ক্ষোভ ও প্রতিবাদের বিষয়ে ভিন্নতা রয়েছে।গতকাল শনিবার সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে ইতালির রাজধানী রোমে। সেখানে দুই লাখেরও বেশি মানুষ বিক্ষোভে যোগ দেয়। তাদের অনেকেই প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি সরকারের ঋণসংকট তদারকির ব্যর্থতায় ক্ষুব্ধ। রোমে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা একটি ব্যাংকে হামলা ও গাড়িতে আগুন দিয়েছে। বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। বিক্ষোভকারীদের লাঠিপেটা এবং কয়েকজনকে আটক করা হয়েছে।যুক্তরাজ্যের লন্ডনে রাস্তায় নেমে আসে আট শতাধিক মানুষ। তারা পুঁজিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। বাজেট কাটছাঁট ও মুনাফালোভীদের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা। এ ছাড়া ‘সরকারি ব্যয় হ্রাস নয়’ ও ‘গোল্ডম্যান স্যসে শয়তানের কাজ’ লেখা ব্যানার বহন করে তারা। শত শত জনতার সঙ্গে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও এ বিক্ষোভে শরিক হন। লন্ডনের বিক্ষোভে যোগ দিতে আসেন ব্রিটেনের পূর্বাঞ্চলীয় নরউইচ শহরের শিক্ষক বেন ওয়াকার। তিনি বলেন, ‘সারা বিশ্বে চলমান এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই আজ আমি এখানে এসেছি।’ গত ১৫ মে স্পেনের রাজধানী মাদ্রিদে সর্বপ্রথম বেকারত্ব ও দুর্নীতিবিরোধী বিক্ষোভ শুরু হয়। এরপর তা অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। মাদ্রিদের বিভিন্ন অংশে গতকাল সন্ধ্যা থেকেই শুরু হয় হাজার হাজার জনতার বিক্ষোভ মিছিল। তাদের সবার গন্তব্য ছিল পুয়েতা দেল সোল। সেখানে তারা রাতভর বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে। মাদ্রিদের ২৪ বছর বয়সী এক বিক্ষোভকারী প্রকৌশলের ছাত্র আন্দ্রেয়া মুরারো বলেন, ‘আন্দোলন সবে শুরু। আমরা আশা করছি, এটি বৈশ্বিক আন্দোলনে রূপ নেবে।’জার্মানির ফ্রাঙ্কফুর্টে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সামনে জড়ো হয়ে গতকাল বিক্ষোভ করেছে পাঁচ হাজার মানুষ। বার্লিনেও হয়েছে বিক্ষোভ। সেখানে দানিয়েল স্রেইবার নামের এক বিক্ষোভকারী বলেন, ‘সেই ২০০৮ সাল থেকে আমি এই আন্দোলনের অপেক্ষায় ছিলাম। তিন বছরের অপেক্ষার পর আজ সেই দিন এসেছে।’পর্তুগালের রাজধানী লিসবনেও বড় বিক্ষোভ হয়েছে। আয়োজকেরা বলেন, লিসবনে অন্তত ৫০ হাজার মানুষ অর্থনৈতিক বৈষম্য ও সরকারের আর্থিক নীতির প্রতিবাদে রাস্তায় নামে।হংকংয়ের অর্থনৈতিক প্রাণকেন্দ্রে প্রায় ৫০০ মানুষ বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা অর্থনৈতিক অসমতা ও মুক্তবাজার পুঁজিবাদের বিরুদ্ধে স্লোগান দেয়। ফ্যানিং ইম নামের এক বিক্ষোভকারী বলেন, ‘অর্থই একমাত্র বিষয়, যার মূল্য আছে। আমাদের সরকার একটা স্বৈরসরকার, তারা চীনের কমিউনিস্টদের নিয়ন্ত্রণে।’হংকংয়ে ‘লেফট ২১’ নামে একটি গোষ্ঠীর বিক্ষোভকারী ওং ওয়েং-চি বলেন, তাঁদের ‘অকুপাই সেন্ট্রাল’ বিক্ষোভ যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট বিক্ষোভের প্রতি সংহতি জানানোর তৎপরতার চেয়েও বেশি কিছু। জাপানের রাজধানী টোকিওর রাস্তায় প্রায় ২০০ মানুষ বিক্ষোভ করে। এ সময় তারা ‘টোকিও দখল করো’ স্লোগান দেয়। এ ছাড়া বিক্ষোভকারীরা ফুকুশিমার পারমাণবিক বিপর্যয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে। ফুকুশিমার দাইচি পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির কার্যালয়ের সামনে তারা পরমাণুবিরোধী স্লোগান দেয়।সিডনিতে দুর্নীতি ও পুঁজিবাদের বিরুদ্ধে প্রায় ২০০০ মানুষ অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বাইরে একটি অস্থায়ী শিবির প্রতিষ্ঠা করেছে। গতকাল তারা স্লোগান দেয়, ‘পুঁজিবাদ আমাদের অর্থনীতিকে হত্যা করছে’। মেলবোর্নেও প্রায় এক হাজার লোক বিক্ষোভ করেছে। বিক্ষোভের এক আয়োজক বলেন, অস্ট্রেলিয়া হয়তো বৈশ্বিক অর্থনৈতিক মন্দা কাটাতে পেরেছে, তবে দেশে এখনো এমন কিছু গুরুতর ইস্যু রয়েছে যা জাতিকে ভোগাচ্ছে। নিউজিল্যান্ডের প্রধান শহর অকল্যান্ডের রাস্তায় বিক্ষোভ করেছে তিন হাজার মানুষ। পরে তারা শহরের একটি স্কয়ারে সমবেত হয়ে পুঁজিবাদবিরোধী স্লোগান দেয়। এ ছাড়া রাজধানী ওয়েলিংটন ও ভূমিকম্পবিধ্বস্ত শহর ক্রাইস্টচার্চেও বিক্ষোভ হয়েছে।তাইওয়ানের রাজধানী তাইপে ছাড়াও বিশ্বের অন্যান্য শহরে পুঁজিবাদবিরোধী বিক্ষোভ হয়েছে গতকাল।দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্টক এক্সচেঞ্জের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে ৫০ জনের মতো বিক্ষোভকারী। তারা সেখানে দেশের ধনী-গরিবের বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দেয়।‘দক্ষিণ আফ্রিকা দখল করো’ আন্দোলনের একজন সংগঠক মারিয়াস বোসে বলেন, ‘খেটে খাওয়া মানুষের অর্থ চুরি করে অভিজাত শ্রেণীর ধনকুবের হওয়ার লোভ সংবরণ করতে হবে।’যুক্তরাষ্ট্রের পুঁজিবাদের প্রতীক ওয়াল স্ট্রিট দখল করার আহ্বান জানিয়ে নিউইয়র্কে বিক্ষোভ শুরু হয় গত ১৭ সেপ্টেম্বর। পরে তা পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। এদিকে শুরু থেকেই কয়েক শ বিক্ষোভকারী ওয়াল স্ট্রিটের কাছে একটি ছোট পার্কে শিবির স্থাপন করে সেখানে অবস্থান করছে। কর্তৃপক্ষ গত শুক্রবার তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই ঘোষণা স্থগিত করা হয়। এই ঘোষণার পরপরই বিজয় ঘোষণা করে উল্লাস করে বিক্ষোভকারীরা। আর নিউইয়র্কের ওয়াল স্ট্রিট-বিরোধী সেই আন্দোলনের অনুপ্রেরণায় গতকাল সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বিক্ষোভের ঢেউ। এএফপি, রয়টার্স, বিবিসি।