পুকুর-দিঘি রক্ষায় এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দিঘি রক্ষায় ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা সিলেট শাখা। সকাল ১১টায় নগরের কাজীটোলা এলাকার কাজীদিঘি পাড়ে পুকুর, দিঘি ও জলাশয় রক্ষার দাবিতে প্রতীকী পরিচ্ছন্ন অভিযান ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি পালনে সহযোগিতা করেছে রোটারি ক্লাব সিলেট সানসাইন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা সিলেট শাখার সভাপতি ও প্রবীণ শিক্ষাবিদ ছদরুদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে নাগরিক সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক শরীফ জামিল, যুক্তরাজ্যের গ্রিন ওয়ার্ল্ড ফাউন্ডেশনের চেয়ারপারসন মিসেস বারবারা স্পিয়ার্স, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. ইউনুস, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফজলুল আনোয়ার আলাওর, এনামুল কুদ্দুস চৌধুরী, আসাদুজ্জামান সায়েম প্রমুখ। সভা সঞ্চালন করেন বাপা সিলেট শাখার সদস্যসচিব আবদুল করিম কিম। সমাবেশে বক্তারা বলেন, সিলেট এক সময় পুকুর ও দিঘির শহর ছিল। কিন্তু ভূমিদস্যু ও অর্থপিপাসু ব্যক্তি এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে সিলেটের ঐতিহ্যবাহী অনেক পুকুর, দিঘি, জলাশয়গুলো এখন বিলুপ্তির পথে। একটি পরিবেশবান্ধব শহর গড়তে হলে শহর ও তার চারপাশের জলাশয়গুলো রক্ষা করার বিকল্প নেই। অপরিকল্পিত নগরায়ণের ফলে সিলেটের জলাশয়, পুকুরগুলো বিভিন্নভাবে দখল ও দূষণের শিকার। তাই শুধু সরকারকে সচেতন হলে চলবে না, পুকুর-জলাশয় ও দিঘি রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। সেই সঙ্গে জলাশয় দূষণ ও দখলকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।এ সময় বক্তারা মন্ত্রিপরিষদ কর্তৃক ঢাকায় ড্যাপ অনুমোদিত হওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়ে একই রকম সিলেটেও একটি পরিকল্পনা নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে কাজীদিঘির পাড়ে এক প্রতীকী পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি পালিত হয়।বাপা সিলেট শাখার সভাপতি ছদরুদ্দিন আহমদ চৌধুরী বলেন, সিলেট ছিল দিঘি-পুকুরের শহর। গত কয়েক বছর ধরে কিছুসংখ্যক চিহ্নিত ভূমিদস্যুরা জলাশয় ভরাট করে আবাসন গড়ে তুলছে। কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে। এ অবস্থা চলতে থাকলে কিছু দিনের মধ্যে সিলেট নগর দিঘি-পুকুর শূন্য হয়ে যাবে।