পুকুর ভরাট করেছেন সাংসদ, খনন করতে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুটি নোটিশের কোনো জবাব না পেয়ে আজ রোববার রাজশাহীর বাগমারার সাংসদ এনামুল হককে বেআইনিভাবে ভরাট করা পুকুর খননের জন্য নোটিশ দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।আরডিএর টাউন প্ল্যানার আজমেরী আশরাফী আজ দুপুরে প্রথম আলোকে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।সাংসদ এনামুল হক সম্প্রতি রাজশাহী নগরের মেহেরচণ্ডী এলাকার শুকান দিঘি নামে একটি পুকুর ভরাট করা শুরু করেছেন।আরডিএ সূত্রে জানা গেছে, বর্তমানে তাদের নির্ধারিত এলাকা ৩৬৪ বর্গ কিলোমিটার। পরিবেশ ও জলাধার আইন অনুযায়ী, এই এলাকার মধ্যে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো ভূমির শ্রেণী পরিবর্তন করা যাবে না। তাদের হিসাবে এই পুকুরটির আনুমানিক আয়তন ৩০ বিঘা। পুকুরটি ভরাট শুরু করার পর গত ২৬ জানুয়ারি আরডিএর পক্ষ থেকে কী উদ্দেশ্যে তিনি এই ভূমি ব্যবহার করতে চান, তা জানতে চেয়ে সাংসদ এনামুল হকের বাগমারা এবং রাজশাহীতে তাঁর কার্যালয়ের ঠিকানায় নোটিশ পাঠানো হয়। এই নোটিশের কোনো জবাব না পেয়ে তারা ৯ ফেব্রুয়ারি আরও একটি নোটিশ পাঠায়। এতে পুকুরটির ভরাট কার্যক্রম বন্ধ করতে বলা হয়। নোটিশে আরও বলা হয়, পূর্বানুমতি ছাড়া পরিবেশ ও জলাধার আইন অনুযায়ী আরডিএর এলাকার ভেতরের কোনো ভূমির শ্রেণী পরিবর্তন করা যাবে না।জানা গেছে, সিলমোহর ও স্বাক্ষর দিয়ে এনামুল হকের পক্ষ থেকে আরডিএর নোটিশ গ্রহণ করা হয়েছে। কিন্তু তারা তাদের নোটিশের কোনো জবাব দেয়নি। এরই পরিপ্রেক্ষিতে আজ আরডিএ বেআইনিভাবে পুকুরের ভরাট অংশ পুনঃখননের জন্য নোটিশ পাঠিয়েছেন।এদিকে এই পুকুর ভরাটের ব্যাপারে আগের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের দ্বৈত বেঞ্চ পুকুরটি ভরাটের জন্য আদালত অবমাননার অভিযোগ আমলে নিয়েছেন। ২৩ ফেব্রুয়ারি আরডিএর চেয়ারম্যান ও রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে কেন তাঁদের আদালত অবমাননার অভিযোগে অভিযোগে অভিযুক্ত করা হবে না, তা জানাতে বলা হয়েছে। রাজশাহীর পরিবেশবাদী সংগঠন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহাবুব সিদ্দিকীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০১০ সালের ১৩ ডিসেম্বর আরডিএর অন্তর্ভুক্ত পুকুর, দিঘি, খাল, বিল ও অন্যান্য জলাশয় ভরাটের ওপর স্থগিতাদেশ দেন। ওই আদেশের সূত্র ধরে সাংসদ এনামুল হকের পুকুর ভরাটের ব্যাপারে আদালত পরবর্তী আদেশ দেন।সাংসদ এনামুল হক দাবি করেছেন, ১০ বছর আগে তিনি এই পুকুরটি কিনেছেন। আর আরডিএর কোনো নোটিশ তিনি পাননি। তিনি আরও বলেন, পুকুরটি কোনো সরকারি সম্পত্তি নয়। কত সরকারি পুকুরই ভরাট করা হচ্ছে। এটা তাঁর ব্যক্তিগত সম্পত্তি। তাই তাঁকে নোটিশ দেওয়ার অধিকার আরডিএর নেই বলেও মন্তব্য করেন তিনি।আরডিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহিম বলেন, পূর্বানুমতি ছাড়াই এই জলাধার ভরাট করা হচ্ছে। অথচ পরিবেশ ও জলাধার আইনে এই ভূমির শ্রেণী পরিবর্তন করা যাবে না। যেহেতু তিনি পূর্বানুমতি নেননি। পরিবেশ ও জলাধার আইন লঙ্ঘন করেছেন। সেহেতু দ্বিতীয় নোটিশে তাঁকে পুকুর ভরাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।