নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন কটন মিলসে থাকা পুকুর ভরাটের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।ভূমি সচিব, পরিবেশ সচিব, শিল্প সচিব, টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ও চিত্তরঞ্জন কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) বিবাদীদের প্রতি তিন মাসের জন্য এ নির্দেশ দেওয়া হয়।ওই ভরাট কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং সেখানকার পুকুর ও জলাশয় ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনের ওপর ন্যস্তের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।গত ১৬ মে প্রথম আলোতে ‘পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। চিত্তরঞ্জন কটন মিলস এলাকার পুকুর ভরাট করার সিদ্ধান্তের প্রতিবাদে ওই মানববন্ধন হয় বলে প্রতিবেদনে বলা হয়।এর আগে ২০ এপ্রিল ওই পুকুর ভরাটের জন্য চিত্তরঞ্জন কটন মিলস লিমিটেড দরপত্র আহ্বান করে। প্রথম আলোর ওই প্রতিবেদন সংযুক্ত করে এবং দরপত্র আহ্বানের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিট আবেদনটি করে।রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। পরে তিনি আদেশের বিষয়টি উল্লেখ করে প্রথম আলো ডটকমকে বলেন, আদালত তিন মাসের জন্য ভরাট কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।