পুকুর রক্ষায় ‘গণগোসল’
‘হে পথিক, একটু শোনো! আমার বুকে সাঁতার কেটে তোমরা যারা বড় হয়েছ, এই পানিতে পবিত্র হয়ে যারা সৃষ্টিকর্তার আরাধনা করেছ, তোমাদের কাছে মিনতি করছি—আমাকে তোমরা ভরাট করো না, এই পুকুরের ওপর তোমরা মার্কেট নির্মাণ করো না।’ ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়ার রামকানাই স্কুলসংলগ্ন ২০০ বছরের পুরোনো পুকুরের পাড়ে এমন লেখাসংবলিত ব্যানার টানিয়ে রাখা হয়েছে। ঐতিহ্যবাহী এই পুকুর ভরাট করে স্থানীয় পৌর কর্তৃপক্ষের বিপণিবিতান নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে এলাকার মানুষ আন্দোলনে নেমেছে। পুকুরটি রক্ষার্থে আজ শনিবার ‘গণগোসল’ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এর আগে তারা মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করেছে এবং জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। এলাকাবাসী জানান, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এই পুকুর ভরাট করে বিপণিবিতান নির্মাণের পরিকল্পনা নেয়। পরে পাইকপাড়া মহল্লার বাসিন্দারা পুকুরটি রক্ষা করতে ৪১ সদস্যের কমিটি গঠন করে। ৬ অক্টোবর তারা পুকুরের চার পাড়ে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এর পরদিন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পুকুর রক্ষা কমিটির আহ্বায়ক ও পাইকপাড়া এলাকার বাসিন্দা আশরাফুল ইমাম বলেন, ‘প্রতিদিন পাইকপাড়া এলাকার অন্তত ১০ হাজার মানুষ নানা কাজে পুকুরটি ব্যবহার করে। কোনো অবস্থাতেই এই পুকুর ভরাট করতে দেওয়া হবে না।’গণগোসলে অংশ নেওয়া পাইকপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান, হুমায়ূন কবির, জাহাঙ্গীর আলম ও রবি ঘোষ জানান, এটি পাইকপাড়ার মানুষের জন্য একমাত্র ব্যবহার উপযোগী পুকুর। তাঁরা রক্ত দেবেন, তবু পুকুরটি ভরাট করতে দেবেন না।স্থানীয় পৌর কাউন্সিলর আহসান উল্লাহ হাসান বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের আন্দোলনের সঙ্গে আমি একমত। কোনোভাবেই এই পুকুর ভরাট করার সুযোগ দেওয়া হবে না।’পাইকপাড়ার ঐতিহ্যবাহী রামকানাই পুকুরটি ভরাট করে সেখানে বিপণিবিতান নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। এর অংশ হিসেবে গত ২৭ সেপ্টেম্বর পুকুরের মাটি পরীক্ষা করা হয়। এর পরই ফুঁসে ওঠে পাইকপাড়া এলাকার বাসিন্দারা।