পুকুরে ইলিশ চাষের সম্ভাব্যতা যাচাই করছে সরকার: মত্স্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মত্স্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, পুকুরে ইলিশ চাষের সম্ভাব্যতা যাচাই চলছে। ইলিশের অভয়ারণ্য গভীর নদীতে হলেও তা পুকুরে চাষ করার সম্ভাব্যতা খতিয়ে দেখতে গবেষণা শুরু করেছে সরকার। এরই মধ্যে চাঁদপুরে একটি পুকুরে পরীক্ষামূলকভাবে ইলিশের পোনা ছাড়া হয়েছে। এসব ছোট ইলিশ এখন বড় হতে শুরু করেছে। তবে এই ইলিশ নদীর মতো সুস্বাদু হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।আজ মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সাংসদ শাহরিয়ার আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে শহীদুজ্জামান সরকারের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত মৌসুমে (২০০৮-০৯ সালে) সারা দেশে দুই লাখ ৯৮ হাজার মেট্রিক টন ইলিশ মাছ ধরা পড়ে। এর মধ্যে চার হাজার ২০৭ টন ইলিশ রফতানি করা হয়েছে।নুরুল ইসলামের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি দুগ্ধখামারে সরকারিভাবে কোনো আর্থিক সহায়তা দেওয়া হয় না। ননী গোপাল মণ্ডলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলে গবাদিপশু উন্নয়নে সরকারের পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় চিংড়ি নীতিমালা-২০১০ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর আলোকে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত চিংড়িচাষ করা সম্ভব হবে।সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারা দেশের মত্স্য ও পশুসম্পদ উন্নয়নে বর্তমানে ২২টি প্রকল্প ও চারটি কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এনামুল হকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি পর্যায়ে গবাদিপশুর খামার স্থাপনকে উত্সাহিত করার জন্য সরকারি ভাবে সিমেন, টীকা, হাঁস-মুরগির বাচ্চা, ঘাসের কাটিং উত্পাদন ও বিতরণ এবং প্রশিক্ষণ ও প্রযুক্তি ম্যানুয়াল সরবরাহ, চিকিত্সা সেবাসহ বিভিন্ন সম্প্রসারণমূলক সেবা দেওয়া হচ্ছে।সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মত্স্য অধিদফতরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের নদ-নদী ও অন্যান্য জলাশয়ে ৫৬৬টি অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। এ ছাড়া জার্মান সরকারের আর্থিক সহায়তায় ৩১ কোটি টাকা ব্যয়ে জলাশয় বহুমুখীকরণ এবং পুনর্বাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে।